হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের নেপথ্য কারণ জানালেন বেন স্টোকস – DesheBideshe

হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের নেপথ্য কারণ জানালেন বেন স্টোকস – DesheBideshe


হঠাৎ টেস্ট ক্রিকেট থেকে অবসরের নেপথ্য কারণ জানালেন বেন স্টোকস – DesheBideshe

লন্ডন, ৪ আগস্ট – ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস টেস্ট ক্রিকেট থেকে তার আকস্মিক অবসরের পেছনের কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছেন। শারীরিক ও মানসিক চাপ এবং ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদি অনিশ্চয়তাই তাকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন তিনি।

গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে অবসরের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সম্প্রতি ‘দ্য লাভ অব ক্রিকেট’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে স্টোকস জানান, তার প্রাথমিক পরিকল্পনা ছিল ২০২৭ সালের অ্যাশেজ সিরিজ খেলে টেস্ট ক্যারিয়ার শেষ করা।

বিষয়টি নিয়ে তিনি তার স্ত্রী ক্লেয়ার স্টোকসের সঙ্গেও বিস্তারিত আলোচনা করেছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি অনুধাবন করেন যে, ২০২৭ সাল পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া তার জন্য শারীরিক ও মানসিকভাবে প্রায় অসম্ভব হয়ে পড়বে।

নিজের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ডারহামের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সময় তার মনে হয়েছিল নিউজিল্যান্ড সিরিজটিও হয়তো সফলভাবে শেষ করতে পারবেন না। টেস্ট ক্রিকেট ছাড়লেও মাঠের লড়াই থেকে এখনই পুরোপুরি দূরে থাকছেন না স্টোকস। বর্তমানে তিনি ডারহামের হয়ে ওয়ানডে কাপে অংশ নিচ্ছেন।

এছাড়া অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে খেলার ব্যাপারেও আলোচনা চলছে। খেলোয়াড়ি জীবনের পরবর্তী লক্ষ্য নিয়ে স্টোকস জানান, তিনি ইতিমধ্যে কোচিংয়ের লেভেল ৩ কোর্স সম্পন্ন করেছেন।

ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হওয়ার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, এই সুযোগ পাওয়া হবে তার জন্য অনেক বড় সম্মানের। তবে সেই সুযোগ ভবিষ্যতে আসবে কি না তা সময়ই বলে দেবে।

এস এম/ ৪ আগস্ট ২০২৬



Scroll to Top