পাকিস্তানে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আজ স্বাগতিক পাকিস্তানকে ৩২ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়টাই সিরিজের ফাইনালে তুলে দিয়েছে সফরকারীদের।
রোববার (১১ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে বাংলাদেশ। সাদিয়া ইসলামের দারুণ একটা ইনিংস এতে বড় ভূমিকা রেখেছে। মাত্র ২৮ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন সাদিয়া। শেষ দিকে সাদিয়া আক্তার ৭ বলে ১৪ রানের ক্যামিও ইনিংস খেললে ১৩৬ রানের পুঁজি পায় বাংলাদেশ।
পরে বোলিং করতে নেমে নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি বোলাররা। জয় নিশ্চিত হয়েছে তাতেই। পাকিস্তানের ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করেন, আকসা করেন ৩২ বলে ২৩ রান। এছাড়া আর বলার মতো রান তুলতে পারেননি কেউ। যাতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিন ৩ উইকেট নিয়েছেন। দুই উইকেট নিয়েছেন নিশিতা আক্তার নিশি। এছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি একটি করে উইকেট নিয়েছেন।
ত্রিদেশীয় এই সিরিজের অপর দল শ্রীলংকা। ফাইনালে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।




