
বুয়েনোস আইরেস, ২৪ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বে অসাধারণ প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে টানা দ্বিতীয় ট্রফি জয়ের স্বপ্ন ভঙ্গ হয় তাদের।
এই হারকে বড় করে দেখছেন না ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অ্যাঞ্জেল দি মারিয়া। সাবেক এই প্লেমেকারের মতে, সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয়টিই ছিল বিশ্বকাপের আসল সমাপ্তি। তার দৃষ্টিতে ফাইনালের পরাজয় সেই অবিশ্বাস্য জয়ের আনন্দকে ম্লান করতে পারেনি।
দি মারিয়া জানান, ইংল্যান্ডকে হারানো পুরো দেশের জন্য এক বিশেষ প্রাপ্তি ছিল এবং এই অর্জনে তিনি অত্যন্ত খুশি ও কৃতজ্ঞ। প্রতিটি ম্যাচেই স্নায়ুচাপ থাকলেও খেলোয়াড়দের অভ্যন্তরীণ শক্তির জোরেই আর্জেন্টিনা শেষ পর্যন্ত লড়াই করেছে বলে মনে করেন তিনি।
দি মারিয়ার মতে, ফাইনালে হার-জিত খেলারই অংশ কিন্তু ফুটবলাররা নীল-সাদা জার্সির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। তিনি বিশ্বাস করেন, এই দলটি শুধু অভিবাদনের চেয়েও বেশি কিছু পাওয়ার যোগ্য।
এছাড়া লিওনেল মেসি প্রসঙ্গে দি মারিয়া বলেন, মেসি যতদিন ইচ্ছা ফুটবল চালিয়ে যেতে পারেন। ৩৯ বছর বয়সেও তিনি নিজেকে ইতিহাসের অন্যতম সেরা হিসেবে প্রমাণ করে চলেছেন এবং তার সামর্থ্যের কোনো সীমা নেই।
এনএন/ ২৪ জুলাই ২০২৬







