অবশেষে জার্মান জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন ইয়ুর্গেন ক্লপ। ফ্রাঙ্কফুর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের নাম ঘোষণা করেন জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বের্নড নয়েনডর্ফ।
নতুন কোচকে পরিচয় করিয়ে দিয়ে নয়েনডর্ফ বলেন, ‘জার্মান জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাফল্য দলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আমরা বিশ্বাস করি।’
সম্প্রতি অনুষ্ঠিত বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর বড় পরিবর্তনের পথে হাঁটে ডিএফবি। বিশ্বকাপের শেষ ৩২’শে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। সেই ব্যর্থতার দায় নিয়ে দায়িত্ব হারান প্রধান কোচ ইউলিয়ান নাগলসমান।
গত কয়েকটি বড় টুর্নামেন্টেই জার্মানির পারফরম্যান্স প্রত্যাশিত নয়। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। সর্বশেষ পাঁচটি বড় আন্তর্জাতিক আসরে নকআউট পর্বে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে জার্মানরা। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপে স্বাগতিক হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠাই ছিল তাদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য।
এমন প্রেক্ষাপটে জাতীয় দলের দায়িত্ব পেলেন আধুনিক ফুটবলের অন্যতম সফল কোচ ইয়ুর্গেন ক্লপ। কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন জার্মান ক্লাব মেইঞ্জে, যেখানে তিনি দীর্ঘ সময় খেলোয়াড় হিসেবেও মাঠ মাতিয়েছেন। এরপর বরুসিয়া ডর্টমুন্ডের দায়িত্ব নিয়ে দলটিকে দুইবার বুন্দেসলিগা শিরোপা জেতান এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তোলেন।
তবে ক্লপের সবচেয়ে বড় সাফল্য আসে ইংল্যান্ডের লিভারপুলে। তার অধীনে দীর্ঘ ৩০ বছরের লিগ শিরোপার খরা কাটিয়ে ২০২০ সালে প্রিমিয়ার লিগ জেতে অলরেডরা। এছাড়া ২০১৯ সালে ক্লাবকে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপাও এনে দেন তিনি। টানা কয়েক বছর দায়িত্ব পালনের পর ক্লান্তির কারণ দেখিয়ে ২০২৪ সালে লিভারপুলের কোচের পদ ছাড়েন ক্লপ।
এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে জার্মান ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনার কঠিন মিশনে নামছেন ৫৯ বছর বয়সী এই কোচ।





