সালমান খানের সম্মানহানি: ‘কালা হরিণ’ সিনেমার টিজার সরানোর নির্দেশ আদালতের – DesheBideshe

সালমান খানের সম্মানহানি: ‘কালা হরিণ’ সিনেমার টিজার সরানোর নির্দেশ আদালতের – DesheBideshe


সালমান খানের সম্মানহানি: ‘কালা হরিণ’ সিনেমার টিজার সরানোর নির্দেশ আদালতের – DesheBideshe

দিল্লি, ২৮ জুলাই – কালা হরিণ: দ্য ব্যাটল ফর লিগ্যাসি চলচ্চিত্রের বিতর্কিত টিজার এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন অনলাইন লিংক দ্রুত ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। সোমবার এক শুনানিতে আদালত পর্যবেক্ষণ করেন যে ছবির প্রচারণামূলক বিষয়বস্তুতে ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার সঙ্গে বলিউড তারকা সালমান খানকে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।

আদালত জানান এটি অভিনেতার সামাজিক মর্যাদা ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। বিচারপতি জ্যোতি সিংয়ের একক বেঞ্চে এই আবেদনের শুনানি হয়। চলচ্চিত্রটির মুক্তি প্রচারণা এবং বিজ্ঞাপনী কার্যক্রমের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা চেয়ে সালমান খান এই আবেদন করেছিলেন।

শুনানিকালে বিচারক ইঙ্গিত দেন যে ছবির প্রযোজক অমিত জানির দেওয়া বিতর্কিত সাক্ষাৎকারগুলোও অনলাইন থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। শুনানির সময় আদালত কঠোর মন্তব্য করে বলেন যে এসব প্রচারণা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

কোনো ব্যক্তির সুনাম একবার নষ্ট হয়ে গেলে তা আর পুনরুদ্ধার করা সম্ভব নয় বলে আদালত উদ্বেগ প্রকাশ করেন। এ ছাড়া ছবিতে অভিনেতাকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘটনার সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাও নজরে এসেছে আদালতের। সালমান খানের আইনজীবীরা যুক্তি দেন যে সরাসরি নাম ব্যবহার না করলেও টিজার ও পোস্টারে অভিনেতার মতো দেখতে একজনকে দেখানো হয়েছে।

এমনকি সেখানে সালমানের পরিচিত নীল রঙের ব্রেসলেটও ব্যবহার করা হয়েছে যাতে দর্শকরা সহজেই তাকে চিহ্নিত করতে পারেন। আবেদনকারী দাবি করেছেন ছবিটিতে হরিণ শিকারের ঘটনা ভুলভাবে উপস্থাপন করে তার অনুমতি ছাড়াই বাণিজ্যিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়েছে।

এটি সালমানের ব্যক্তিগত প্রচার স্বত্ব লঙ্ঘন করেছে বলেও অভিযোগ করা হয়। আইনজীবীরা আরও জানান যে অস্ত্র মামলায় খালাস পাওয়া সত্ত্বেও ছবিতে সালমানের মতো চরিত্রকে আগ্নেয়াস্ত্র হাতে দেখানো হয়েছে যা সাধারণের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। চলচ্চিত্রটির বেশ কিছু বিষয়বস্তু এখনো উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এই অবস্থায় স্পর্শকাতর কনটেন্ট ছড়িয়ে পড়লে আইনি প্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে আদালতকে জানানো হয়।

এস এম/ ২৮ জুলাই ২০২৬



Scroll to Top