
বৈরুত, ১৭ জুন – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার লেবাননের নাবাতিয়েহ এলাকা ও শৌকিন গ্রামে পৃথক গাড়ি লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এই হামলার প্রেক্ষাপটে নতুন করে আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে যে, যেকোনো সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অবিচ্ছেদ্য অংশ হিসেবে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একই সুর মিলিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় লেবাননসহ পুরো অঞ্চলে সামরিক কার্যক্রম বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্টভাবে জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব অব্যাহত থাকলে তা সরাসরি চুক্তির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলে দাবি করা যাবে না। একই সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কমান্ডও জানিয়েছে, এই ধরনের হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে।
বিপরীতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অবস্থান বজায় থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা চলমান শান্তি আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া নতুন দফার সংঘর্ষে এখন পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৮২৬ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১১ হাজার ৮৫১ জন।
এনএন/ ১৭ জুন ২০২৬






