ভারতের কাছে হেরে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের – Sarabangla

ভারতের কাছে হেরে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের – Sarabangla

নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রান করতে পারে নিগার সুলতানার দল।

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের পঞ্চম বলেই স্মৃতি মান্ধানাকে ফেরান সুলতানা খাতুন। ৫ বলে ২ রান করে স্বর্ণা আক্তারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারতের অভিজ্ঞ ওপেনার।

এরপর শেফালি ভার্মার সঙ্গে ২৪ বলে ২০ রানের জুটি গড়েন প্রতিকা রাওয়াল। ২০ রান করে রাবেয়া খানের বলে দিলারা আক্তারের হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

তবে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখতে পারেনি বাংলাদেশের বোলিং। ওপেনার শেফালি ভার্মা দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতে নিয়ে নেন। মাত্র ৪০ বলে ৬৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। ১৬০ স্ট্রাইক রেটে ব্যাট করে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর আক্রমণাত্মক ছিলেন শেফালি।

শেফালি ফেরার পর ভারতের ইনিংস এগিয়ে নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও রিচা ঘোষ। হরমনপ্রীত করেন ২৪ রান, আর রিচার ব্যাট থেকে আসে ২১ রান। শেষ দিকে দীপ্তি শর্মার ১৩ রানও ভারতের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখে। শেষ পাঁচ ওভারে ৫৩ রান তুলে ভারত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন দুটি উইকেট নেন। একটি করে উইকেট পান রাবেয়া খান, মারুফা আক্তার ও নাহিদা আক্তার।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। বাংলাদেশি ব্যাটাররা ইনিংস বড় করতে পারেনি, তাতে জুটিও বড় হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পরেছে নিগার সুলতানা জ্যোতির দল, পরে আর সেই চাপ কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।

দিলারা আক্তার ২৬ বলে ২১ রান করেন। জুয়াইরিয়া ফেরদৌস ১৮ বলে ১৪ এবং সোবহানা মোস্তারি ২৪ বলে ১৮ রান করে দলের রান বাড়ানোর চেষ্টা করেন। অধিনায়ক নিগার সুলতানা ১৭ বলে ১৯ রান করেন। তবে বড় জুটি গড়ে তুলতে না পারায় ভারতের দেওয়া লক্ষ্য থেকে ক্রমেই দূরে সরে যায় বাংলাদেশ।

মাঝের দিকে স্বর্ণা আক্তার কিছুটা প্রতিরোধ গড়েন। ১৮ বলে ২২ রান করে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল একটি চার ও একটি ছক্কা। ফাহিমা খাতুন করেন ১৪ বলে ১৪ রান। শারমিন আক্তার ২ বলে ১ রান করে এবং রাবেয়া খান কোনো রান না করেই বিদায় নেন।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস। ফলে ৪০ রানের জয় নিয়ে নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয় ভারত। আর সেমিফাইনালে হারের মধ্য দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের স্বপ্নও শেষ হয়ে যায়।

Scroll to Top