
তেহরান, ২১ জুন – নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা ইরান দল বর্তমানে চরম অসন্তোষের মধ্য দিয়ে যাচ্ছে। প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করার পরপরই লস অ্যাঞ্জেলেস ছেড়ে মেক্সিকোর তিজুয়ানায় অবস্থিত নিজেদের বেস ক্যাম্পে ফিরে যেতে হয়েছে তাদের।
অথচ ইরানের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। এক দেশ থেকে অন্য দেশে বারবার যাতায়াত করে খেলায় অংশ নিতে হওয়ায় দলের প্রস্তুতিতে বড় ধরনের ঘাটতি দেখা দিচ্ছে বলে অভিযোগ করেছেন ইরানের কোচ আমির গালেনোই।
অন্যদের তুলনায় বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন দাবি করে তিনি আয়োজকদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আজ রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের জি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। এই ম্যাচ শেষ হওয়ার পরপরই মধ্যপ্রাচ্যের এই দেশটিকে পুনরায় লস অ্যাঞ্জেলেস ছাড়তে হবে।
যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে ইরান দলের ভ্রমণ পরিকল্পনা নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে এবং কিছু বিধিনিষেধ শিথিল করার বিষয়ে আলোচনা চলছে। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ইরান কোচ জানান যে বর্তমান সূচির কারণে বেলজিয়ামের বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতির জন্য তারা মাত্র ১৬ ঘণ্টারও কম সময় পেয়েছেন।
যাতায়াতের ঝক্কি সামলাতে গিয়ে অনুশীলনের নির্ধারিত সময়ও কমিয়ে দিতে হয়েছে তাদের। আমির গালেনোই বলেন যে আমরা সাধারণত যে পরিমাণ সময় অনুশীলনে ব্যয় করি এবার তার অর্ধেক সময়ও কাজ করতে পারিনি। অথচ আমরা শারীরিক ও কারিগরি দিক থেকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে চেয়েছিলাম।
পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে বলে দাবি করেন গালেনোই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে পরিস্থিতি তুলনামূলক সহনীয় ছিল কারণ তখন তারা ২৪ ঘণ্টা অনুশীলনের সুযোগ পেয়েছিলেন। ভ্রমণ পরিকল্পনা নিয়ে ইরানের সাথে যে আচরণ করা হচ্ছে তাকে অসংগতিপূর্ণ বলে অভিহিত করেছেন তিনি।
গালেনোইয়ের মতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের বিপক্ষে খেলতে যাওয়ার আগে ইরানকে নিজেদের ভ্রমণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে শুরু থেকেই কেন এই সুবিধা দেওয়া হলো না তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
আগামী ম্যাচে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পেলেও মাঠের লড়াইয়ে ছাড় দিতে রাজি নন ইরানি কোচ। তিনি বলেন যে বেলজিয়াম অত্যন্ত শক্তিশালী এবং সম্মানিত একটি দল। তারা সময়মতো পৌঁছে ভালো অনুশীলন করেছে। তাদের বিপক্ষে ম্যাচটি নিঃসন্দেহে কঠিন হবে তবে আমাদের দলেও অত্যন্ত সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছে এবং আমরা সেরাটা দিতে প্রস্তুত।
এস এম/ ২১ জুন ২০২৬







