কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবক নিহত হয়েছেন।
রোববার ২১ জুন সকালে দেশটির সানাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় দুপুরে দুর্ঘটনার খবরটি স্বজনরা জানতে পারেন।
কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান শাকিল পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণ পরিচয় যাচাই করা যায়নি বলে তিনি জানান।
পরে ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফ নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন—সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউনিয়নের মাঝতালুক গ্রামের সলিম উল্লাহর ছেলে মোস্তাক আহমদ (৩০), জুবায়ের আহমদ (৩০), জসিম উদ্দিন (৩০), জিবাল আহমদ (৩৬) এবং দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের কাদির আহমদ (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পাঁচজন একটি পিকআপ ভ্যানে করে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। বর্তমানে মরদেহ কাতারের একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
এদিকে দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী শ্রমিকদের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দিতে কাতার দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে।






