বাংলাদেশে আসতে পারে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, চলছে বাফুফের সঙ্গে আলোচনা – DesheBideshe



ঢাকা, ২৪ আগস্ট – ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের ভারত সফরকে কেন্দ্র করে বাংলাদেশে একটি প্রীতি ম্যাচ খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। ভারত সফরের অংশ হিসেবে বাংলাদেশ নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে তাদের।

এরই ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট রোববার আকস্মিকভাবে ব্রাজিলের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করে। তারা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কিংস অ্যারেনা পরিদর্শন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ফিফা উইন্ডো অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত একটি দল সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারে। ব্রাজিলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তারা ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচ খেলবে। এরপর ৩ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ অক্টোবর ফিফা উইন্ডোর শেষ দিনে বাংলাদেশের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল ফুটবল দল। তবে এই বিষয়ে বাফুফে বা ব্রাজিলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এদিকে বাংলাদেশের জন্য এই ম্যাচ আয়োজনে কিছুটা সূচি জটিলতা রয়েছে। সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে বাংলাদেশ অন্তত ৪টি ম্যাচ খেলবে।

ফিফার নিয়ম অনুযায়ী একই উইন্ডোতে ৪টির বেশি ম্যাচ খেলার সুযোগ না থাকায় ব্রাজিলের বিপক্ষে প্রস্তাবিত ম্যাচটি ফিফা স্বীকৃত হওয়া নিয়ে সংশয় রয়েছে। এছাড়া আসিয়ান কাপ খেলে ৩ অক্টোবর দিবাগত রাতে বা ৪ অক্টোবর দেশে ফেরার পর মাত্র দুদিনের ব্যবধানে ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়া ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।

আর্থিক বিষয়গুলোও বাফুফের জন্য একটি বড় বিবেচ্য বিষয়। ব্রাজিল দলকে বাংলাদেশে আনা অত্যন্ত ব্যয়বহুল। তবে তারা বর্তমানে কলকাতা সফরে থাকায় খরচ অনেকটা কম হতে পারে।

জানা গেছে, ব্রাজিলের ৯০ সদস্যের বহরকে কলকাতা থেকে ঢাকা এবং ঢাকা থেকে দুবাই পাঠানোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে হবে বাফুফেকে। যদিও শুরুতে ভারতের মাঠ নিয়ে অসন্তুষ্টির কারণে ব্রাজিল প্রতিনিধি দলের ঢাকা সফরের গুঞ্জন উঠেছিল, তবে বর্তমানে বিষয়টি পরিষ্কার যে তারা বাংলাদেশকে নিয়ে স্বতন্ত্র পরিকল্পনা থেকেই এই সফর করেছে।

এনএন/ ২৪ আগস্ট ২০২৬



Scroll to Top