
ঢাকা, ২৪ আগস্ট – থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। এশিয়ার ক্রিকেটীয় উন্নয়নে এই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
আগে এসিসির সভাপতি পদে শুধু এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে পালাক্রমে দায়িত্ব পরিবর্তন হতো। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এই তালিকায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে আফগানিস্তানকেও এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নেতৃত্বে দেখা যাবে।
সবার সম্মতিতে এসিসির নতুন সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের খালিদ আল জারুনি। এছাড়া ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের জন্য কাতার, সিঙ্গাপুর, মালদ্বীপ ও বাহরাইন থেকে নতুন নির্বাহী বোর্ডের সদস্যও নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল প্রথমবারের মতো এসিসির কোনো সভায় অংশ নিয়ে গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। এশিয়ান ক্রিকেটের ঐক্য ও ভবিষ্যৎ নিয়ে এসিসি সভাপতি মহসিন নকভি বলেন যে এশিয়ায় ক্রিকেট শুধু একটি খেলা নয় বরং এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতিকে এক সুতোয় বাঁধার মাধ্যম।
এসব সিদ্ধান্ত ভবিষ্যতে এশিয়ার ক্রিকেটকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এনএন/ ২৪ আগস্ট ২০২৬


