
ঢাকা, ২১ জুলাই – বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রায় আট মাস পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স।
তার সাথে স্কোয়াডে অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং স্পিনার নাথান লায়নকেও রাখা হয়েছে। আগামী ১৩ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজে চোটের কারণে নিজেদের সেরা বোলিং আক্রমণকে এক সাথে পায়নি অস্ট্রেলিয়া। তবে এবার বাংলাদেশের বিপক্ষে প্রায় পূর্ণ শক্তির আক্রমণ ভাগ নিয়েই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে স্বাগতিকরা। দলে অতিরিক্ত পেসার হিসেবে রাখা হয়েছে স্কট বোল্যান্ডকে।
ব্যাটিং লাইনআপে যথারীতি আস্থা রাখা হয়েছে স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, জশ ইংলিস ও জ্যাক ওয়েদারল্ডের ওপর। অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার। বছরের শুরুতে উসমান খাজা অবসর নেওয়ায় তার শূন্য স্থানে কে নিয়মিত ওপেনার হিসেবে জায়গা করে নেন সেটি দেখার জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ হবে।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে শেষ সিরিজে থাকা মাইকেল নেসার, টড মার্ফি ও ব্রেন্ডন ডগেট এবারের দল থেকে বাদ পড়েছেন। নির্বাচক প্রধান জর্জ বেইলি জানিয়েছেন যে চোট কাটিয়ে দলের মূল বোলাররা ফিরে আসায় স্কোয়াড অনেক বেশি ভারসাম্যপূর্ণ হয়েছে।
বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। চার নম্বরে থাকা বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে জয় দিয়ে অবস্থান আরও সুসংহত করাই লক্ষ্য বিশ্বচ্যাম্পিয়নদের।
এস এম/ ২১ জুলাই ২০২৬







