দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে দুই দলের প্রথম টেস্ট। সিরিজ শুরুর আগে অবশ্য বাংলাদেশকে নিয়ে যথেষ্ট সতর্ক অস্ট্রেলিয়া।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্পষ্ট করেছেন, বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছে না তার দল। বরং টাইগারদের সাম্প্রতিক সাফল্য ও দলে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের কারণে বাড়তি সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি কেমন হতে পারে—এমন প্রশ্নে কামিন্স বলেন, ‘আমি মনে করি না, আমি কখনো সহজ কোনো টেস্ট ম্যাচ খেলেছি। তাই বাংলাদেশও শক্ত প্রতিপক্ষ হবে বলেই আমার ধারণা।’
বাংলাদেশের কয়েকজন ক্রিকেটারের বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই বলেও উল্লেখ করেন তিনি। ফলে সিরিজের শুরুতে কিছুটা অজানা বিষয় কাজ করবে বলে মনে করছেন অজি অধিনায়ক।
কামিন্স বলেন, ‘আমাদের কয়েকজনের বিপক্ষে তাদের কয়েকজন ক্রিকেটারকে আমরা আসলে খুব একটা দেখিনি। ফলে টেস্টের আগে কিছুটা অজানাও থাকবে। তবে গত কয়েক বছরে তারা বেশ কিছু বড় জয় পেয়েছে এবং দলে বেশ কিছু ভালো প্রতিভা রয়েছে। তাই আমাদের প্রস্তুত থাকতে হবে।’
বাংলাদেশের শক্তি সম্পর্কে এখনই চূড়ান্ত কোনো মন্তব্য করতে চাননি কামিন্স। তবে আইসিসির বড় আসরে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামলে যে অস্ট্রেলিয়াকেও বাড়তি সতর্ক থাকতে হয়, সেটি মনে করিয়ে দিয়েছেন তিনি।
অস্ট্রেলিয়ার অধিনায়কের ভাষায়, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। হয়তো কয়েক সপ্তাহ পর আমাকে জিজ্ঞেস করলে আরও ভালোভাবে বলতে পারব। তবে আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলতে গেলে আপনি কিছুটা নার্ভাস থাকবেন, কারণ তাদের দলে বেশ কিছু বড় মাপের খেলোয়াড় রয়েছে।’
এদিকে ডারউইনের মারারা স্টেডিয়ামের উইকেট নিয়েও ইতিবাচক ধারণা দিয়েছেন কামিন্স। তার মতে, উইকেটটি শক্ত এবং ব্যাটিংয়ের জন্য ভালো হতে পারে। তবে একই সঙ্গে পেসারদের জন্য বাউন্সও থাকার সম্ভাবনা দেখছেন তিনি।
কামিন্স বলেন, ‘উইকেটটা সত্যিই ভালো মনে হচ্ছে। দেখতে ও স্পর্শে বেশ শক্ত মনে হয়েছে। গত বছর এখানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের একটি ম্যাচ হয়েছিল এবং সেটি বেশ ভালো ব্যাটিং উইকেট ছিল, তবে পেস ও বাউন্সও ছিল।’
