আহমেদাবাদ, ৯ মার্চ – টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করল ভারত। প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে তিনটি শিরোপা জয়ের অনন্য রেকর্ডও গড়েছে টিম ইন্ডিয়া।
এর আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দুবার করে এবং পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া একবার করে এই শিরোপা জিতেছিল।
আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনাররা শুরু থেকেই কিউই বোলারদের ওপর চড়াও হন। অভিষেক শর্মা মাত্র ১৮ বলে অর্ধশতক তুলে নেন এবং শেষ পর্যন্ত ২১ বলে ৫১ রান করেন। সঞ্জু স্যামসন ৪৬ বলে ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যদিও টানা তৃতীয় ম্যাচে শতরান থেকে বঞ্চিত হন তিনি।
এছাড়া ঈশান কিষাণ ২৫ বলে ৫৪ এবং শেষদিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রান করলে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ২৫৫ রান। জবাবে পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। জাসপ্রিত বুমরাহর আগুনে বোলিংয়ে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফেরেন তাদের টপ অর্ডারের ব্যাটাররা।
টিম সেইফার্ট ২৬ বলে ৫২ এবং অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করলেও তা দলের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৫৯ রানেই অলআউট হয়ে যায় কিউইরা।
ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ মাত্র ১৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন।
এনএন/ ৯ মার্চ ২০২৬







