ঢাকা, ১১ অক্টোবর-ইতিহাস গড়েছেন হাসান মাহমুদ। প্রথম বাংলাদেশি পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেছেন তিনি। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে এগিয়ে ছিল আফগানিস্তান। ৪ উইকেট হারিয়ে ২১১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল আফগানরা। তবে তৃতীয় দিনের শুরুতেই দাপট দেখান টাইগার পেসার হাসান মাহমুদ। তাঁর হ্যাটট্রিকে টেস্ট ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে বাংলাদেশ। মাত্র ১ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান।
রবিবার (১১ অক্টোবর) তৃতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে উইকেট এনে দেন এবাদত হোসেন। দলীয় ২১৯ রানের মাথায় ১০৩ বলে ৩২ রান করে বোল্ড হন ইকরাম আলিখিল।
এরপর ইনিংসের ৮৩তম ওভারে বোলিংয়ে এসে হ্যাটট্রিক করেন হাসান মাহমুদ। ওই ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পান তিনি। একে একে ইসমত, কায়েস ও জিয়া-উর-রেহমানকে আউট করেন হাসান।
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিকের কীর্তি গড়েছেন হাসান। তবে পেসারদের মধ্যে তিনিই প্রথম। এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি ও সোহাগ গাজী। তাঁরা দুজনই ছিলেন স্পিনার। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে চরম বিপর্যয়ে পড়েছে আফগানিস্তান। এতে বড় লিড নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের।
এস এম/ ১১ অক্টোবর ২০২৬





