এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, ফেরতের নির্দেশ বেতন-ভাতা | চ্যানেল আই অনলাইন

এ বি এম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, ফেরতের নির্দেশ বেতন-ভাতা | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দায়িত্ব পালনের সময় এ পদে উত্তোলিত বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে এক সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। একই সভায় অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওই নিয়োগ প্রক্রিয়া বিধিসম্মত ছিল না। এ কারণে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদে আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পাশাপাশি ইমেরিটাস অধ্যাপক পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দিতে হবে।

এ বিষয়ে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্ত তার প্রতি অন্যায় ও অবিচার।

তিনি বলেন, পৃথিবীর কোথাও সম্মানজনক এমন পদ এভাবে বাতিল করার নজির নেই। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবায় যুক্ত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।

কারা এবং কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা সংশ্লিষ্টরাই ভালো জানেন বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনাটি চিকিৎসক মহল ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

Scroll to Top