আর্জেন্টিনার উদাহরণ টেনে ব্রাজিলকে অনুপ্রাণিত করলেন কিংবদন্তি কাকা – DesheBideshe

আর্জেন্টিনার উদাহরণ টেনে ব্রাজিলকে অনুপ্রাণিত করলেন কিংবদন্তি কাকা – DesheBideshe


আর্জেন্টিনার উদাহরণ টেনে ব্রাজিলকে অনুপ্রাণিত করলেন কিংবদন্তি কাকা – DesheBideshe

ব্রাসিলিয়া, ১৫ জুন – মরক্কোর বিপক্ষে ড্র করার পর ব্রাজিল জাতীয় দলের পারফরম্যান্স নিয়ে যখন চারদিকে সমালোচনার ঝড় বইছে, তখন সতীর্থদের মানসিকভাবে চাঙ্গা করতে এগিয়ে এসেছেন সাবেক তারকা ফুটবলার কাকা। আর্জেন্টিনার উদাহরণ টেনে তিনি বলেন যে একটি বড় টুর্নামেন্টের শুরুতে হোঁচট খাওয়া মানেই সব শেষ হয়ে যাওয়া নয়।

২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতা এই মিডফিল্ডার মনে করেন, প্রথম ম্যাচে আশানুরূপ ফল না পেলেও টুর্নামেন্টে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকে। এই প্রসঙ্গে তিনি ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের উদাহরণ তুলে ধরেন। কাকার মতে, প্রথম ম্যাচেই কোনো দল বিশ্বকাপ জিতে যায় না।

আর্জেন্টিনা প্রথম ম্যাচে হারের তিক্ত স্বাদ পাওয়ার পরও বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। বিশ্বকাপের বাস্তবতা বোঝার জন্য এটি একটি বড় উদাহরণ বলে তিনি উল্লেখ করেন। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিলের কৌশল ও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে ফুটবল বিশ্বে আলোচনা চলছে।

তবে এখনই হতাশ না হওয়ার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানিয়েছেন কাকা। তিনি স্বীকার করেন যে ম্যাচে কিছুটা উত্তেজনা ও মানসিক চাপ থাকলেও ভুল শুধরে উন্নতির অনেক সুযোগ রয়েছে। পরবর্তী ম্যাচগুলোতে ব্রাজিল আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে বলে তিনি আশাবাদী।

দলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির অভিজ্ঞতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন কাকা। তিনি বিশ্বাস করেন যে চাপের মুখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আনচেলত্তির রয়েছে এবং তিনি ব্রাজিলকে কাঙ্ক্ষিত সাফল্যের পথে নিয়ে যেতে পারবেন।

আগামী শুক্রবার হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই ম্যাচে জয়ের মধ্য দিয়ে ব্রাজিল নতুনভাবে ঘুরে দাঁড়াবে বলে কাকা প্রত্যাশা করেন।

এস এম/ ১৫ জুন ২০২৬



Scroll to Top