আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ – Sarabangla

অক্টোবরে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর একই ভেন্যুতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সূচি অনুযায়ী, বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্ট শুরু হবে ৯ অক্টোবর এবং চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। এরপর ১৭ অক্টোবর শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ, আফগানিস্তানের সঙ্গে খেলবে জিম্বাবুয়ে। সিরিজের প্রথম পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

আসন্ন সিরিজকে আফগানিস্তানের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান। তিনি বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। ভিন্ন ভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা দেবে। পাশাপাশি সমর্থকদের জন্যও এটি হবে আন্তর্জাতিক ক্রিকেটের রোমাঞ্চকর একটি সময়।’

এদিকে, আফগানিস্তান সফর শেষ হওয়ার পরও বিশ্রামের খুব বেশি সুযোগ থাকছে না বাংলাদেশের ক্রিকেটারদের। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ২৩ অক্টোবর। এরপর দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষ করেই আবার বিদেশের মাটিতে যেতে হবে টাইগারদের। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে পূর্ণাঙ্গ সিরিজ। ফলে অক্টোবর থেকে শুরু করে পরবর্তী কয়েক মাস বাংলাদেশ দলের সামনে থাকছে একের পর এক আন্তর্জাতিক ম্যাচ।

Scroll to Top