মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালো জান্তা – DesheBideshe

মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ালো জান্তা – DesheBideshe

নেপিডো, ০১ ফেব্রুয়ারি – মিয়ানমারে জরুরি অবস্থার মেয়াদ আবারও ছয় মাস বাড়িয়েছে দেশটির সামরিক জান্তা।গতকাল বুধবার (৩১ জানুয়ারি) দেশটির জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা পরিষদ এ সিদ্ধান্ত নেয়।

তবে বিলম্বে হলেও নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে জান্তা সরকার। এক বিবৃতিতে তারা জানায়, মিয়ানমারের জরুরি অবস্থার মেয়াদ ছয় মাস বাড়িয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউ মিন্ট সোয়ে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য জরুরি অবস্থা জারি রাখতে হবে।

২০০৮ সালের মিয়ানমারের সামরিক খসড়া সংবিধান অনুসারে, জরুরি অবস্থা তুলে নেওয়ার ছয় মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। তবে দেশের বিভিন্ন স্থানে অভ্যুত্থানের বিরুদ্ধে সশস্ত্র বিরোধিতার মোকাবিলার অজুহাত দিয়ে বিভিন্ন সময় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে জান্তা সরকার।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করার সময় জরুরি অবস্থা ঘোষণা করেছে সামরিক বাহিনী। সামরিক শাসনের বিরুদ্ধে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ কঠোরভাবে দমন করে জান্তা। স্থানীয় এক পর্যবেক্ষক গোষ্ঠীর মতে, সামরিক বাহিনীর দমন অভিযানে চার হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন কয়েক হাজার।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০১ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top