উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে সহকারী প্রকৌশলীদের পদায়নের যে প্রজ্ঞাপন, সেখানেও নিয়মিতকরণের বিষয়টি স্পষ্ট নয়। ২০১০ ও ২০১১ সালে জারি করা প্রজ্ঞাপনে চাকরির শর্তের ১ নম্বরে বলা হয়েছে, নিয়মিতকরণের আদেশ জারির তারিখ থেকে কর্মকর্তাদের জ্যেষ্ঠতা গণ্য হবে। তবে এলজিইডি কর্তৃপক্ষ পরবর্তী সময়ে এই প্রকৌশলীদের চাকরি নিয়মিতকরণের কোনো প্রজ্ঞাপন জারি করেনি।
জ্যেষ্ঠতার এই জটিলতা নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত জানতে চেয়ে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয় ২০২২ সালের ২৬ অক্টোবর স্থানীয় সরকার বিভাগে দেওয়া চিঠিতে তাদের মতামত তুলে ধরে। ওই চিঠিতে বলা হয়, উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে আত্তীকৃত ২৫৭ জনকে নিয়মিতকরণের ক্ষেত্রে পিএসসির সুপারিশ গ্রহণসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হয়েছে কি না, তা সুস্পষ্ট নয়।
প্রকল্প থেকে আসা প্রকৌশলীদের নিয়মিতকরণের বিষয়ে নিশ্চিত হওয়ার পরই জ্যেষ্ঠতার তালিকা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা সমীচীন হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় মতামত দেয়। তবে এ মতামত আমলে না নিয়েই খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন করা হয়েছে অভিযোগ করেছেন সংস্থাটির বঞ্চিত প্রকৌশলীরা।



