দক্ষতার সঙ্গে অপরাধ দমন করছে ডিএমপি

দক্ষতার সঙ্গে অপরাধ দমন করছে ডিএমপি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, দক্ষতার সঙ্গে অপরাধ দমন করে যাচ্ছে ডিএমপি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপি’র ৪৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সুধী সমাবেশ ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ১২টি থানা ও ৬ হাজার পুলিশ সদস্য নিয়ে যাত্রা শুরু করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরবাসীর আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে আজ ৫০টি থানা ও ৩৪ হাজার পুলিশ সদস্য নিয়ে দাঁড়িয়ে আছে ডিএমপি।

তিনি বলেন, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে অপরাধের ধরণ। ডিএমপি অতি দক্ষতার সঙ্গে এসব অপরাধকে মোকাবিলা করে যাচ্ছে। এসব অপরাধ দমনে ক্রাইম বিভাগের পাশাপাশি ডিবি পুলিশও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া জঙ্গি দমনেও দক্ষতার পরিচয় দেখিয়েছে ডিএমপি। ডিএমপির কাউন্টার টেররিজম জঙ্গিবাদকে সফলতার সঙ্গে দমন করেছে। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ এখন রোল মডেল। এছাড়া গুজব ও সাইবার ক্রাইমের মতো অপরাধ সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে যাচ্ছে ডিএমপি। সাইবার ক্রাইম প্রতিরোধে ডিএমপি ওয়ান স্টপ সাইবার সেন্টার চালু করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, নারী ও শিশু সাপোর্ট সেন্টারের মাধ্যমে নারী ও শিশুদের সেবা দেওয়া হচ্ছে। সাপোর্ট সেন্টারের মাধ্যমে নারীরা নারী পুলিশের কাছ থেকে সেবা নিতে পারছেন।

আইনশৃঙ্খলার পাশাপাশি সামাজিক কাজ ডিএমপি করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে ডিএমপি মুমূর্ষু রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। করোনাকালে মাতা পিতা ও আত্মীয়স্বজন মৃত দেহ রেখে পালিয়েছিল। কিন্তু পুলিশ তাদের পরম মমতায় তাদের সৎকার করেছে। কখনো কখনো তারা প্লাজমা দিয়ে রোগীদের সেবা করেছে।

ডিএমপি কমিশনার বলেন, যানজট ঢাকা শহরে অন্যতম একটি সমস্যা। এই সমস্যা সমাধানে সকল সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। আমরা এমন একটি ঢাকা করতে চাই সেখানে উত্তরা থেকে ১৫ মিনিটে গুলিস্তান আসা যায়। সকলের সহযোগিতায় আমরা স্মার্ট ডিএমপি করতে চাই। আমরা এমন একটি ডিএমপি করতে চাই যেখানে একজন নারী রাত ৩ টায় রাস্তা দিয়ে চলাচল করলে তার যেন মনে হয় পিছনে একজন পুলিশ সদস্য আছেন।

Scroll to Top