প্রথমবারের মতো মানবদেহে ব্যবহার হয়েছে ‘ওয়্যারলেস ব্রেন চিপ’। ইলন মাস্কের প্রতিষ্ঠান নিউরোলিংক সফলভাবে মানুষের মস্তিস্কে এটি স্থাপন করেছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, ব্রেন চিপ স্থাপনের পর প্রাথমিক ফলাফলে নিউরন স্পাইক বা স্নায়ু প্রবণতা সনাক্ত করা হয়েছে। এছাড়াও রোগী দ্রুত সুস্থ হচ্ছেন।
প্রতিবেদনে বলা হয়, নিউরোলিংক’র মূল লক্ষ্য হলো মানুষের মস্তিস্ককে কম্পিউটারের সাথে সংযুক্ত করা। আর এটি সফলতার সাথে করতে পারলে যেকোন ধরনের জটিল স্নায়বিক অবস্থার মোকাবেলা করতে এটি মানুষকে সাহায্য করতে পারবে।
মার্কিন চিকিৎসা নিয়ন্ত্রক (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) বলছে, মাস্কের কোম্পানি দীর্ঘ পরীক্ষা এবং সংগ্রামের পর মে মাসে মানুষের মস্তিস্কে চিপ পরীক্ষা করার অনুমতি পায়। এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।


ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, নিউরোলিংকের প্রথম পণ্যটিকে টেলিপ্যাথি বলা হবে। টেলিপ্যাথি শুধুমাত্র আপনার চিন্তার মাধ্যমে মোবাইল, কম্পিউটার কিংবা যেকোন ডিভাইস নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।






