১০ দিনে ভোটকেন্দ্রিক ৩৪৫ ঘটনা, ৭ জনের মৃত্যু

১০ দিনে ভোটকেন্দ্রিক ৩৪৫ ঘটনা, ৭ জনের মৃত্যু

রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এবারের সংঘাতের প্রায় সব ঘটনাই ঘটেছে নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে। নির্বাচনে অন্তত ২২০টি আসনে সাড়ে তিন শর বেশি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এর মধ্যে ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন, অনেক আসনেই হেরেছেন নৌকা প্রতীকের প্রার্থীরা। ধারণা ছিল, যেহেতু বিএনপি এই নির্বাচনে আসেনি, সেহেতু হানাহানি কম হবে। বাস্তবতা হলো সংঘাতের ঘটনা ঘটছে। কোনো কোনো এলাকায় সংখ্যালঘু পরিবারকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে।

বেসরকারি সংগঠন এইচআরএসএস জানিয়েছে, সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে দেশের অন্তত ৩৯টি জেলায় সংঘর্ষ, সংঘাত, হত্যা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় নিহত হয়েছেন অন্তত ৫ জন। এ ছাড়া ৪৫০ জনের বেশি আহত, ৬০ জনের বেশি গুলিবিদ্ধ, ৩০০টির বেশি ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। ভোট দেননি এমন কিছু মানুষের ওপর ও তাঁদের বাড়িতে হামলা হয়েছে।

Scroll to Top