আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দুই সপ্তাহ ধরে দেশের বেশির ভাগ এলাকায় দিন ও রাতে যে সমান শীতের অনুভূতি ছিল, তা কিছুটা অস্বাভাবিক। শীতকালে দিনে রোদ থাকে, রাতে শীত নামে। এটাই স্বাভাবিক। আগামী কয়েক দিন এ ধরনের শীত অব্যাহত থাকতে পারে। তবে অনেক এলাকায় তাপমাত্রা কমে গিয়ে শৈত্যপ্রবাহের এলাকা বাড়তে পারে।
এদিকে দেশের উত্তরাঞ্চল এবং সিলেট বিভাগের বেশির ভাগ এলাকায় তীব্র শীতের কারণে জীবনযাত্রা এখনো স্বাভাবিক হয়নি। রাত থেকে নামা ঘন কুয়াশার কারণে অনেক স্থানে যানবাহন চলাচলে সমস্যা হয়েছে। বিশেষ করে মহাসড়ক এবং নদীপথে সমস্যা হয়েছে সবচেয়ে বেশি।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।




