সারা দেশের বিভিন্ন উপজেলায় প্রাক্-প্রাথমিক শ্রেণির শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। এর ধারাবাহিকতায় পিরোজপুরের নাজিরপুর উপজেলার উপজেলা রিসোর্স সেন্টারে ১৫ দিনের প্রাক্-প্রাথমিক প্রশিক্ষণে অংশ নিই। প্রশিক্ষক হিসেবে ছিলেন নাজিরপুর উপজেলার শিক্ষা কর্মকর্তা (টিও) বিশ্বজিৎ কর্মকার এবং উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মো. ইব্রাহিম খান। আমরা ২৫ জন নবনিযুক্ত শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নিই।
প্রশিক্ষণটি করার সময় আমার বারবার মনে হচ্ছিল, প্রশিক্ষণটি শুধু শিক্ষকদের নয়, প্রত্যেক মা-বাবার নেওয়া দরকার। একটি শিশুর পরিপূর্ণ বিকাশ সাধনে পরিবার ও শিক্ষকের ভূমিকা অপরিসীম। এ প্রশিক্ষণ থেকে আমরা জানতে পারি, একটি শিশুর ভবিষ্যৎ কেমন হবে, সে কতটা বুদ্ধিমান হবে, সেটা পুরোপুরি নির্ভর করে তার প্রথম ৮ বছরে তার কতটা বিকাশ সাধন হয়েছে, তার ওপর। সুতরাং এ সময়য়ে শিশু যদি পরিবার ও বিদ্যালয়ে যথাযথ পরিবেশ পায়, তাহলে সে বড় হয়ে দেশের সম্পদে পরিণত হতে পারবে। শিশুর বেড়ে ওঠার পেছনে তার শারীরিক ও মানসিক বিকাশ সমানভাবে গুরুত্বপূর্ণ।




