
সুনামগঞ্জ, ১১ ডিসেম্বর – পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বিএনপি নির্বাচনে আসে না। দেশের জন্য কাজ করে না। নির্বাচন বানচাল করে ধান্দাবাজদের কাছে সোহাগী হতে চায়। কিন্তু জনগণ এখন তা বুঝে গেছে। তাই সব মানুষ আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবে, যাতে বিএনপির মুখে কালি পড়ে, চুন পড়ে।
রোববার (১০ ডিসেম্বর) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মতবিনিময় আয়োজন করে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের লন্ডন-আমেরিকার মহব্বতের কোনো দরকার নেই। আমরা কাজ করে ভাত খাই, হাত পেতে কিছু খাই না। বিদেশে গিয়ে বিভিন্ন পেশায় কাজ করে খাই। বাঙালি জাতি, বীরের জাতি, কর্মীর জাতি।
মিরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহাদাত মান্নান অভি, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিক মিয়া প্রমুখ।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১১ ডিসেম্বর ২০২৩




