সুচিত্রা–রূপকথার শেষ হয় না

সুচিত্রা–রূপকথার শেষ হয় না

সেদিন কলকাতায় শীতের বেশ দাপট। রেকর্ড ঠান্ডা। স্পষ্ট মনে পড়ছে, অন্য দিনগুলোয় শীতে কাবু মানুষ রাস্তায় কম বের হতেন। কিন্তু কলকাতার গোর্কি সদনের পাশের রাস্তায়, মিন্টো পার্কের সামনে, বেসরকারি হাসপাতাল বেলভিউয়ের সামনের চিত্রটা ছিল ভিন্ন। সেখানে জনসমুদ্র। কলকাতায় সেদিন একটা গান সারা দিনই শোনা গেছে, ‘আরও কিছুটা সময় না রহিতে…’।
২০১৪ সালের ১৭ জানুয়ারির কথা বলছি। সেদিন সকাল ৮টা ৫০ মিনিটে পৃথিবীর বাতাসে শেষবারের মতো নিশ্বাস নেন সুচিত্রা সেন, পাড়ি দেন অনন্তলোকে। তবে বলতেই হয়, সেদিন কলকাতায় ফিরে এসেছিলেন উত্তম কুমারের সুচিত্রা; ‘হারানো সুর’-এর রমা, ‘সপ্তপদী’র রিনা ব্রাউন, ‘সাত পাকে বাঁধা’র অর্চনা, ‘উত্তর ফাল্গুনী’র দেবযানী, পান্না বাঈ বা সুপর্ণা। আমাদের পাবনার মেয়ে সুচিত্রা। আজ তাঁর দশম প্রয়াণদিবস।
‘ফিরে এসেছিলেন’ বলার কারণ, তিনি থেকেও ছিলেন না। তিনি ছিলেন, তবে কলকাতা তাঁকে দেখেনি। তাঁকে দেখা যায়নি নন্দনে, নিউমার্কেটে, ধর্মতলায়, সল্টলেক বা পার্ক সার্কাসে। দিনের পর দিন, বছরের পর বছর তাঁকে দেখেননি কেউ।
তাই বলে কি সুচিত্রাকে জানেন না সেকাল কিংবা একালের বাঙালি? সুচিত্রাকে না জানাটাই বরং অসম্ভব। সুচিত্রা তো প্রজন্মের পর প্রজন্মের ক্র্যাশ। এ যুগে মাধুরীরা গর্ব করে বলেন, তাঁকে দেখতে সুচিত্রার মতো। এখনো শোনা যায়, শিশুরা খেলছে সুরে সুরে—‘আকাশ থেকে নেমে এল ছোট্ট একটা প্লেন/ সেই প্লেনে বসে ছিল লাল–টুকটুক মেম/ মেমকে আমি জিজ্ঞেস করলাম,/ ‘হোয়াট ইজ ইয়োর নেম?’/ মেম বলল, ‘মাই নেম ইজ সুচিত্রা সেন!’ দুই বাংলায় এতটা চর্চা আর কাকে নিয়ে হয়েছে?

Scroll to Top