স্পোর্টস ডেস্ক
গাজায় ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অনেক খেলোয়াড়ই নানা নিষেধাজ্ঞায় পড়েছেন। তবে তুরস্কে ঘটল অন্যরকম ঘটনা। ইসরায়েলের পক্ষে সমর্থন জানিয়ে গ্রেফতার হয়েছেন তুরস্কের ক্লাব আন্তালিয়াসপোরের ইসরায়েলী ফুটবলার সাগিভ জেহেনকেল।
আরও পড়ুন- গাজায় নিহত ফিলিস্তিনের অলিম্পিক ফুটবল দলের কোচ
২৮ বছর বয়সী সাগিভ ইসরায়েল জাতীয় দলের ফুটবলার। তুরস্কের ঘরোয়া লিগে ট্রাজোসপরের বিপক্ষে ম্যাচে গোল করার পর উদযাপন করছিলেন তিনি। উদজাপনের এক পর্যায়ে ক্যামেরার দিকে নিজের হাত তুলে ধরেন। হাতে ছিল ইসরায়েলের পতাকার সেই স্টার অফ ডেভিড, সাথে লেখা ছিল ১০০, অক্টোবর ৭। মূলত গতকাল ছিল গাজায় ইসরায়েলের আগ্রাসনের ১০০তম দিন। ধারণা করা হচ্ছে, সাগিভ গাজায় ইসরায়েলের বন্দিদের প্রতি সমর্থন জানিয়েই সেখানে চুমু খেয়েছেন।
আরও পড়ুন- প্রিয়জনের দুশ্চিন্তা নিয়েই এশিয়ান কাপের পথে ফিলিস্তিন ফুটবল দল
এমন উদযাপন অনুমেয়ভাবেই ভালো চোখে দেখেনি তুরস্ক। ম্যাচের পর সাগিভকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে আন্তালিয়াসপোর সাময়িকভাবে বহিষ্কার করেছে তাকে। ক্লাব প্রেসিডেন্ট সমর্থকদের আশ্বাস দিয়েছেন, সাগিভের চুক্তি বাতিল করা হবে। সাগিভের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারিও দিয়েছে তুরস্কের ফুটবল ফেডারেশন।
তবে সাগিভের বিরুদ্ধে এমন পদক্ষেপ মেনে নিতে পারছেন না ইসরায়েলের ফুটবল ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুরস্কের এমন সিদ্ধান্তের প্রতিবাদে মুখর তারা। আরও জানা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানেয়াহুর কানেও গিয়েছে সাগিভের গ্রেফতারের খবর। ইসরায়েলের পক্ষ থেকে চেষ্টা করে হচ্ছে সাগিভকে মুক্ত করে তাকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য।
শেষ পর্যন্ত সাগিভ মুক্তি পেয়ে মাঠে ফিরতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে।
সারাবাংলা/এফএম



