আমাজন রেইনফরেস্টের বড় বড় গাছ দ্বারা আবৃত থাকা নতুন এক শহরের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। যেটি তিন হাজার বছরের পুরনো বলে মনে করছেন গবেষকরা। তবে এটি নিয়ে চলছে বিস্তর আলোচনা-বিশ্লেষণ।
শুক্রবার ১২ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, রেইনফরেস্টের ইকুয়েডর অংশে বড় বড় গাছ দ্বারা লুকানো এক বিশাল নতুন শহর আবিষ্কৃত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শহরটি আবিষ্কার হয়েছে রিমোট সেন্সিং এবং লেজার স্ক্যানিং পদ্ধতি ব্যবহার করে। প্রাচীন শহরের বাড়িঘর ও বিল্ডিংগুলো মূলত রাস্তা ও খালের মাধ্যমে সংযুক্ত ছিল।
ন্যাশনাল সেন্টারের তদন্ত পরিচালক এবং গবেষক অধ্যাপক স্টিফেন রোস্টেইন বলেন, আমাজনে আবিষ্কৃত অন্য যেকোন সাইটের তুলনায় এটি বেশ পুরানো। আমাদের সভ্যতার একটি ইউরোকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে। তবে এই নতুন আবিষ্কার আমাদের দেখায়, সংস্কৃতি এবং সভ্যতার সম্পর্কে আমাদের ধারণা পরিবর্তন করতে হবে।


গবেষণার সহ-লেখক আন্তোইন ডরিসন বলেন, এই আবিষ্কার আমরা যেভাবে আমাজনীয় সংস্কৃতিকে দেখি তা পরিবর্তন করে। এখানের বেশিরভাগ মানুষ ছোট দলে বিভক্ত থাকে। সম্ভবত নগ্ন এবং কুঁড়েঘরে বসবাস করে এবং জমি চাষ করতো।
এটি অন্তত এক হাজার ৫০০ থেকে তিন হাজার বছরের পুরনো শহর। এছাড়াও এখানে এক হাজার বছর পর্যন্ত মানুষের বসবাস ছিল বলে ধারণা করছেন গবেষকরা।
২০১৫ সালে গবেষণা শুরু করলেও সম্প্রতি এর ফলাফল প্রকাশ করা হয়। শহরটি ৩০০ বর্গ কিলোমিটার বিস্তৃত ছিল বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও সেখানে অন্তত ৬ হাজার মাটির বাড়িঘর ছিল।
প্রতিবেদনে বলা হয়, সেখানে অন্তত পাঁচটি বড় বসতি ছিল। মাটির তৈরি ঘর ছাড়াও ছিল কাঠের তৈরি বিল্ডিং। তবে বিল্ডিংগুলো এখন আর দাঁড়িয়ে নেই।



