১০০তম টি-টোয়েন্টি জিতে রোহিতের ইতিহাস

১০০তম টি-টোয়েন্টি জিতে রোহিতের ইতিহাস

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে কিছু করতে পারেননি তিনি। মোহালিতে শুভমান গিলের সাথে ভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে শুন্য রানেই ফিরেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও জিতেছে দল। একই সাথে নতুন ইতিহাসও গড়েছেন রোহিত। প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জেতার অনন্য কীর্তি গড়েছেন তিনি।

রোহিত ভারতের হয়ে খেলেছেন ১৪৯টি টি-টোয়েন্টি ম্যাচ। গতকালের আগ পর্যন্ত ৯৯টি ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছে ভারত। আর এতেই নিজের শততম টি-২০ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন রোহিত। পুরুষ ক্রিকেটারদের মাঝে আর কেউ এই মাইলফলক ছুঁতে পারেননি।

রোহিতের আগে ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড আছে তিন নারী ক্রিকেটারের। সবচেয়ে বেশি ১১১টি ম্যাচ জিতেছেন ইংল্যান্ডের ড্যানি ওয়েট। ১০০টি করে ম্যাচ জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও এলিসা পেরি।

পুরুষ ক্রিকেটারদের মাঝে রোহিতের পরে আছেন পাকিস্তানের শোয়েব মালিক, তিনি জিতেছেন ৮৬ ম্যাচ। এরপর ৭৩ ম্যাচ জিতে তৃতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি।

সারাবাংলা/এফএম

Scroll to Top