গতকাল লেনদেনের শীর্ষ পাঁচ ব্রোকারেজ হাউসের মধ্যে বাকি তিনটি হলো ইবিএল সিকিউরিটিজ, সিটি ব্রোকারেজ ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ। এর মধ্যে ইবিএল সিকিউরিটিজ প্রায় ৭৭ কোটি, সিটি ব্রোকারেজ ও ব্র্যাক ইপিএলে ৬২ কোটি টাকা করে লেনদেন হয়েছে। শীর্ষ পাঁচ ব্রোকারেজ হাউসে এদিন মোট ৪০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে বিক্রির চেয়ে বেশি শেয়ার কেনা হয়েছে ইউসিবি, সিটি ব্রোকারেজ ও ব্র্যাক ইপিএলে।
সিটি ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক মিসবাহ উদ্দিন আফফান ইউসুফ বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানের ব্যক্তিশ্রেণির অনেক বিনিয়োগকারী সক্রিয় হয়েছে। গতকাল নতুন করে অনেকে বিনিয়োগ করেছেন। বাজার গতিশীল থাকলে বিনিয়োগকারীদের অংশগ্রহণ আরও বাড়বে।’
এদিকে বাজারে গতি ফিরতে শুরু করায় কিছু কিছু ভালো কোম্পানির শেয়ারের দাম ফ্লোর প্রাইস থেকে ওপরে উঠে এসেছে। যেমন স্কয়ার ফার্মার শেয়ারের দাম গত কয়েক দিনে বেড়ে ২১১ টাকায় উঠেছে। দীর্ঘদিন ধরে কোম্পানিটির শেয়ারের দাম ফ্লোর প্রাইসে আটকে ছিল।


