সিলেটের বিশ্বনাথবাসী প্রায় ৪ যুগ পর আবারও পেলেন বাংলাদেশ সরকারের এক প্রতিমন্ত্রী। এবারের প্রতিমন্ত্রী হলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী।
তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
প্রতিমন্ত্রী হওয়ার খবরে তার জন্মস্থান সিলেটের বিশ্বনাথে বইছে আনন্দের বন্যা। প্রতিমন্ত্রী হওয়ায় বিশ্বনাথ পৌর শহরে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছেন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর বিশ্বনাথবাসী শফিকুর রহমান চৌধুরীকে প্রতিমন্ত্রী পেয়ে উন্নয়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন। অনেকেই বলেন, এই আসনে অতীতের ১০ বছর পিছিয়ে পড়া উন্নয়ন এবার পুষিয়ে নেওয়ার বিশাল সুযোগ হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট কলামিস্ট এএইচএম ফিরোজ আলী জানান, ১৯৭৮ সালে একবার বিশ্বনাথবাসী একজন যোগাযোগ প্রতিমন্ত্রী পেয়েছিলেন। তিনি হলেন মরমী কবি দেওয়ান হাসন রাজার পরিবারের সদস্য দেওয়ান তৈমুছ রাজা চৌধুরী। তার পর প্রায় ৪৫ বছর আর বিশ্বনাথবাসী একজন প্রতিমন্ত্রীর দেখা পাননি। শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় আরেকটি ইতিহাস গড়েছেন। এটা বিশ্বনাথবাসীর জন্য অনেক বড় পাওয়া বলে জানান। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এদিকে, শফিকুর রহমান চৌধুরী প্রতিমন্ত্রী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশ্বনাথে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বাদ আসর পৌর শহরের পুরাণ বাজার বায়তুল আমান জামে মসজিদে শোকরানা দোয়া শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক ফারুক আহমদের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ মিছিলে ‘উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন’ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


