
ঢাকা,২৮ নভেম্বর-ইংল্যান্ডের বিপক্ষে আগামী ফেব্রুয়ারিতে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে এই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। আসন্ন এই মিরপুর টেস্ট খেলেই অবসরে যাবেন মুশফিকুর রহিম। এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে মিরপুর টেস্টই হতে যাচ্ছে তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।’
মুশফিকের অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’
এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। তাঁর নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।
এস এম/ ২৮ নভেম্বর ২০২৬




