
সংগৃহীত।
🎧অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ভিডিও গেম খেলার ধরন, চোখের নড়াচড়া ও হৃৎস্পন্দন বিশ্লেষণ করে মানুষের মানসিক অবস্থা নির্ণয়ের প্রযুক্তি নিয়ে কাজ করছেন জাপানের গবেষকরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে মানসিক সুস্থতা মূল্যায়ন এবং ব্যক্তিভেদে কার্যকর সহায়তার উপায় খুঁজে বের করাই এ গবেষণার লক্ষ্য।
শুক্রবার (২৭ নভেম্বর) বিবিসি তাদের এক প্রতিবেদনে জানায়, জাপানের ন্যাশনাল ইনস্টিটিউটস ফর কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কিউএসটি) গবেষকরা ‘মায়েমুকি’ নামে একটি প্রকল্পের আওতায় এই প্রযুক্তি নিয়ে কাজ করছেন। জাপানি ভাষায় মায়েমুকি বলতে বোঝায় প্রতিকূল পরিস্থিতিতেও সামনে এগিয়ে যাওয়ার মানসিকতা।
প্রতিবেদনে বিবিসি জানায়, গবেষণায় এমআরআই স্ক্যানের মাধ্যমে মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ এবং মেশিন লার্নিং প্রযুক্তির সাহায্যে মানুষের মানসিক প্রবণতা বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি চোখের সূক্ষ্ম নড়াচড়া ও মণির আকারের পরিবর্তন পর্যবেক্ষণ করে মানসিক অবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

প্রতিবেদনে বিবিসি আরও জানায়,গবেষণার অংশ হিসেবে তৈরি করা হয়েছে একটি ভার্চুয়াল বনভিত্তিক ভিডিও গেম। এতে অংশগ্রহণকারীদের ট্রেডমিলে হাঁটার সময় শরীরের নড়াচড়া, চোখের গতিবিধি, মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত ও হৃৎস্পন্দন বিশ্লেষণ করা হয়।
ইতিবাচক মানসিক অবস্থার ইঙ্গিত পাওয়া গেলে গেমে শোনা যায় পাখির সুমধুর ডাক। অন্যদিকে নেতিবাচক পরিবর্তনের আভাস মিললে শোনা যায় কাকের কর্কশ ডাক। এর মাধ্যমে হাঁটার গতি, শ্বাস-প্রশ্বাস ও অঙ্গভঙ্গির পরিবর্তন মানসিক অবস্থার ওপর কী ধরনের প্রভাব ফেলে, তা যাচাই করা হচ্ছে।
গবেষকরা ‘বডি টু পজিটিভ’ নামে একটি পরীক্ষামূলক এআই প্ল্যাটফর্মও তৈরি করছেন, যা শরীরের বিভিন্ন সংকেত বিশ্লেষণ করে মানসিক অবস্থার পূর্বানুমান দিতে পারে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তিটি এখনো গবেষণার প্রাথমিক পর্যায়ে রয়েছে। এটি মানুষের মনের কথা পড়তে কিংবা বিষণ্নতা নির্ণয় করতে সক্ষম নয়। এর নির্ভুলতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও সম্ভাব্য অপব্যবহার নিয়েও সতর্ক থাকতে হবে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…



