বিমসটেক অ্যাথলেটিকসে প্রথম দিনে পদক এনে দিলেন সুমাইয়া – Sarabangla

বিমসটেক অ্যাথলেটিকসে প্রথম দিনে পদক এনে দিলেন সুমাইয়া – Sarabangla

প্রথমবারের মতো আয়োজিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পদকের খাতা খুলেছে বাংলাদেশ। প্রতিযোগিতার প্রথম দিনেই নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতেছেন সুমাইয়া দেওয়ান। তবে পদক জিতলেও নিজের সেরা টাইমিংয়ের চেয়ে কিছুটা বেশি সময় নিয়েছেন বাংলাদেশের এই স্প্রিন্টার।

বুধবার ভারতের উড়িষ্যার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ১২.২৪ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় হন সুমাইয়া। দুইবারের সাবেক জাতীয় দ্রুততম মানবীকে পেছনে ফেলেছেন ভারতের টি. মৃত্তিকা ও শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপমা। ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন মৃত্তিকা। হিরুপমা রৌপ্য পেয়েছেন ১২.০৭ সেকেন্ডে।

নিজের সেরা টাইমিংয়ের সঙ্গে তুলনা করলে সুমাইয়ার এবারের পারফরম্যান্সে সামান্য ঘাটতি রয়েছে। গত বছরের আগস্টে ঢাকায় অনুষ্ঠিত ১৭তম গ্রীষ্মকালীন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১২.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে স্বর্ণ জিতেছিলেন তিনি। এবার সেই সময়ের চেয়ে ০.০৫ সেকেন্ড বেশি লেগেছে তাঁর।

একই ইভেন্টে বাংলাদেশের হয়ে দৌড়েছেন রেখা আক্তারও। ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছেন তিনি।

তিন দিনব্যাপী এই আসরের প্রথম দিনে আটটি ইভেন্টের স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ছয়টি স্বর্ণ জিতেছে স্বাগতিক ভারত, বাকি দুটি গেছে শ্রীলঙ্কার ঘরে। নারীদের ১০০ মিটারে সুমাইয়ার ব্রোঞ্জই প্রথম দিনে বাংলাদেশের একমাত্র পদক। প্রতিযোগিতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।

Scroll to Top