
ছবি: সংগৃহীত।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষা ও পরিবার পরিকল্পনা সহজ করতে স্বপ্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’ বাজারে এনেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
মঙ্গলবার ২৪ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইনজেকশনটির উদ্বোধন করা হয়।
ইনসেপ্টার দাবি, এটি বিশ্বের প্রথম জেনেরিক ডিএমপিএ সাব-কিউটেনিয়াস ইনজেকশন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রিকোয়ালিফিকেশন পেয়েছে। পাশাপাশি এটি বাংলাদেশের প্রথম ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা স্ব-প্রয়োগযোগ্য গর্ভনিরোধক ইনজেকশন।
ইনসেপ্টা জানায়, মেডোজেন সাবকিউয়ের প্রতি ডোজে রয়েছে মেড্রোক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট ১০৪ মিলিগ্রাম। এটি প্রতি ১২ থেকে ১৪ সপ্তাহ অন্তর ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। প্রচলিত মাংসপেশিতে প্রয়োগযোগ্য ডিএমপিএ ইনজেকশনের তুলনায় এতে প্রায় ৩০ শতাংশ কম মাত্রার ওষুধ ব্যবহার করা হয়। বিশেষ এই ডিভাইসের মাধ্যমে প্রশিক্ষণ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নারীরা নিজেরাই ইনজেকশনটি প্রয়োগ করতে পারবেন। ফলে জন্মনিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্যসেবা কেন্দ্রে বারবার যাওয়ার প্রয়োজন কমবে।
গর্ভনিরোধের পাশাপাশি এন্ডোমেট্রিওসিসজনিত ব্যথা ব্যবস্থাপনাতেও ওষুধটি ব্যবহার করা যেতে পারে। তবে ব্যবহারের আগে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ইনজেকশনটির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ফিরোজা বেগম। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওজিএসবির সাবেক সভাপতি ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আক্তার এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটি অব বাংলাদেশের (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। অনুষ্ঠানে দেশের প্রায় পাঁচ শতাধিক গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
অধ্যাপক ফিরোজা বেগম বলেন, মেডোজেন সাবকিউ বাংলাদেশের পাশাপাশি বিশ্বের নারীদের জন্যও গুরুত্বপূর্ণ সংযোজন। এর স্বপ্রয়োগযোগ্য পদ্ধতি জন্মনিয়ন্ত্রণকে আরও সহজ করবে। পাশাপাশি এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা ব্যয় ৮০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত কমানোর সম্ভাবনা রয়েছে।
আব্দুল মুক্তাদির বলেন, ওষুধটি তৈরি করতে দীর্ঘ কারিগরি, প্রযুক্তিগত ও চিকিৎসাবিজ্ঞানের গবেষণা করতে হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের নারীদের স্বাস্থ্যসেবায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনায় অংশ নেন ওজিএসবির সাবেক সভাপতি অধ্যাপক ফেরদৌসী বেগম, এফএসএসবির সভাপতি অধ্যাপক রাশিদা বেগম, ওজিএসবির প্রেসিডেন্ট ইলেক্ট অধ্যাপক শেহরীন এফ সিদ্দিকা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মুশাররাত সুলতানা সুমীসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওজিএসবির মহাসচিব ডা. এফ এম আনামুল হক।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




