
ছবি:সংগৃহীত
বাংলাদেশের ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ঝুঁকি বিবেচনায় নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সমন্বয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
একই সঙ্গে চার সপ্তাহের রুল জারি করেছেন আদালত। রুলে ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি নীতিমালা তৈরি ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরূপণে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর জনস্বার্থে রিট আবেদনটি করেন। আদালতের আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে তারা নানাভাবে প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকিত্ব ও হতাশার মতো সমস্যা দেখা দিচ্ছে, যা শিশুদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে।
রিট আবেদনে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার প্রতি পাঁচ শিশুর মধ্যে চারজনের বেশি, অর্থাৎ ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি সময় স্ক্রিনের সামনে কাটায়। শিশুদের বিনোদনমূলক স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুপারিশ করা সময়ের চেয়ে এ হার বেশি।
গবেষণায় অংশ নেওয়া শিশুরা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহারে প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা সময় ব্যয় করে। তাদের এক-তৃতীয়াংশের বেশি চোখের সমস্যায় ভুগছে এবং প্রায় ৮০ শতাংশের প্রায়ই মাথাব্যথা হয়।
গবেষণায় আরও বলা হয়েছে, প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়। অথচ এ বয়সী শিশুদের সুস্থ শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম প্রয়োজন।
এ ছাড়া গবেষণায় অংশ নেওয়া শিশুদের প্রায় ১৪ শতাংশ অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। যারা বেশি সময় স্ক্রিনে কাটায়, তাদের মধ্যে এ হার তুলনামূলক বেশি।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, শৈশবে দীর্ঘদিন পর্যাপ্ত ঘুম না হলে স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পাশাপাশি শারীরিক বৃদ্ধি ও সামগ্রিক মানসিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




