
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত সম্প্রসারণের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ছে। বিশেষ করে এআই পরিচালনায় ব্যবহৃত ডেটা সেন্টারগুলোর জ্বালানি ব্যবহার বেড়ে যাওয়ায় কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নিয়ে চাপে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। এই পরিস্থিতিতে ২০৩০ সালের মধ্যে নিট-শূন্য কার্বন নিঃসরণ অর্জনের প্রতিশ্রুতি পুনর্বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর প্রকাশিত মেটার বার্ষিক টেকসই উন্নয়ন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে প্রতিষ্ঠানটির ডেটা সেন্টারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট র্যাচেল পিটারসন ও টেকসই উন্নয়নবিষয়ক বৈশ্বিক প্রধান ব্লেয়ার সুইডিন জানান, নিট-শূন্য নিঃসরণের লক্ষ্যমাত্রার সময়সীমা ও বাস্তবায়নের বিভিন্ন ধাপ পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে ২০৩০ সালের সময়সীমাও রয়েছে।
মেটার প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে প্রতিষ্ঠানটির নিট কার্বন-সমতুল্য নিঃসরণ আগের বছরের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ১ কোটি ১৮ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। এআই প্রযুক্তি ও সেবা সম্প্রসারণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং পরিচালনার জন্য বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২০ সালে মেটা ঘোষণা দিয়েছিল, প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০৩০ সালের মধ্যে পুরো মূল্যশৃঙ্খলে নিট-শূন্য কার্বন নিঃসরণ অর্জন করবে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের ডেটা সেন্টারগুলো ৪১৫ টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ ব্যবহার করেছে, যা বৈশ্বিক বিদ্যুৎ সরবরাহের প্রায় ১ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এ চাহিদা প্রায় দ্বিগুণ হতে পারে। এদিকে মেটার পাশাপাশি গুগল, ওয়ালমার্ট, জেনারেল মোটরস, কোকা-কোলা ও পেপসির মতো বড় প্রতিষ্ঠানও তাদের পরিবেশগত লক্ষ্যমাত্রা শিথিল করেছে বা নির্ধারিত লক্ষ্য অর্জনে পিছিয়ে পড়েছে।
সব মিলিয়ে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পরিবেশ সুরক্ষার ভারসাম্য রক্ষা এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




