উইকেটের পেছনে গত কয়েক বছর ধরেই লিটন দাস অপ্রতিরোধ্য। দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। আজ ছাড়িয়ে গেলেন বিশ্বের সবাইকে! উইকেটের পেছনে বিশ্বরেকর্ড গড়েছেন বাংলাদেশি উইকেরটরক্ষক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে আটটি ডিসমিসাল করেছেন লিটন। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন ৬টি, স্টাম্পিং ২টি। টেস্টে দেড়শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের বিশ্বরেকর্ড এটি।
এর আগে এক ইনিংসে সাতটি ডিসমিসাল নিয়ে বিশ্বরেকর্ডটি ছিল পাঁচ জনের দখলে। ১৯৭৯ সালে পাকিস্তানের ওয়াসিম বারি গড়েছিলেন এই রেকর্ড। পরে ১৯৯১ সালে রেকর্ডে ভাগ বসান নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ২০০০ সালে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের আরেক উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা। আজ আট ডিসমিসাল করে তাদেরকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড নিজের করে নিলেন লিটন।
আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু হওয়ার আগেই লিটনের ডিসমিসাল ছিল ৬টি। আজ মেহেদি হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্ট্যাম্পিং করে বিশ্ব রেকর্ডে ভাগ বসান লিটন। তারপর সেই মিরাজের বলেই কাগিসো রাবাদাকে ফিরিয়ে বিশ্ব রেকর্ড লিখে নেন নিজের নামে।
আরেকটা বিশ্বরেকর্ড ডাকছে লিটনকে। টেস্টের দুই ইনিংস মিলিয়ে একজন উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসাল ১১টি। এই রেকর্ড গড়তে দ্বিতীয় ইনিংসে তিন ডিসমিসাল দরকার লিটনের।
উইকেটের পেছনে বিশ্ব রেকর্ড গড়ার আগে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরি পেয়েছেন তারকা ক্রিকেটার। অবশ্য জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকাই এখন এগিয়ে। বাংলাদেশের ৪০০ রানের জবাবে প্রথম ইনিংসে ৫৫৭ রান তুলেছেন স্বাগতিকরা। তাতে প্রথম ইনিংসেই ১৫৬ রানের বড় লিড পেয়েছেন প্রোটিয়াসরা।




