বাংলাদেশের সামনে লিডের বড় বোঝা চাপিয়ে দিল দক্ষিণ আফ্রিকা – Sarabangla

বাংলাদেশের সামনে লিডের বড় বোঝা চাপিয়ে দিল দক্ষিণ আফ্রিকা – Sarabangla

জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনের খেলা যখন শুরু হলো তখনো বাংলাদেশের চেয়ে ১৪ রানে পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা, স্বাগতিকদের হাতে ছিল তিন উইকেট। সেই তিনটি উইকেট দ্রুত তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের সামনে বড় একটা লিড দাঁড় করানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু হলো তার উল্টোট! শেষ তিন উইকেটে দেড়শর বেশি রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাতে প্রথম ইনিংসেই ১৫৬ রানের লিড পেয়েছেন স্বাগতিকরা।

রায়ান রিকেলটনের দাপুটে ব্যাটিং আর কাগিসো রাবাদার হঠাৎ ‘ব্যাটার’ হয়ে যাওয়াতে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ পর্যন্ত গিয়ে থেমেছে ৫৫৭ রানে। গতকাল ৭ উইকেটে ৩৮৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে টেম্বা বাভুমার দল। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছিল ঠিক ৪০০ রানে।

আজ চতুর্থ দিনের তৃতীয় ওভারেই বাংলাদেশের চারশ ছাড়িয়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেট ব্যাটার রায়ান রিকেলটন খেলছিলেন নিজের ছন্দে। অপর দিকে পেসার থেকে হঠাৎ ব্যাটার ‘বনে যাওয়া’ কাগিসো রাবাদা বাংলাদেশি বোলারদের বিপক্ষে রীতিমতো ওয়ানডে মেজাজে রান তুলেছেন। দুজনের অষ্টম উইকেট জুটি ছিল ১১৭ রানের।

এতে বাংলাদেশের ফিল্ডারদের ‘অবদানও’ অবশ্য ছিল! পিচ এখনো ব্যাটিংয়ের জন্য চমৎকার। এই পিচে বোলাররা খুব বেশি সুবিধা পাননি। তার মধ্যেই দু’একবার সুযোগ যা এসেছিল সেটা নিতে পারেননি বাংলাদেশি ফিল্ডাররা। কাগিসো রাবাদার ক্যাচ ছেড়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রিকেলটন দুইবার ক্যাচ দিয়েও বেঁচে গেছেন। প্রথমবার তার ক্যাচ ছেড়েছিলেন অভিষিক্ত মাহফিজুর রহমান রবিন, দ্বিতীয় ক্যাচটা ছেড়েছেন উইকেটকিপার লিটন দাস।

বাংলাদেশি ফিল্ডারদের এমন উদারতার সুযোগ নিয়েছেন দুজনই। রিকেলটন তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। অপর দিকে কাগিসো রাবাদা খেলেছেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। শেষ পর্যন্ত মেহেদি হাসান মিরাজ ভেঙেছেন জুটি। ১৬৫ বল খেলে ১৩টি চারে ১০২ রান করে মিরাজের বলে লিটনের স্টাম্পিংয়ে ফিরেছেন রিকেলটন। খানিক বাদে কাগিসো রাবাদাও ফিরেছেন সেভাবেই। মিরাজের বলে লিটনের স্ট্যাম্পিংয়ে। এই স্ট্যাম্পিংয়ে লিটনের নাম উঠেছে বিশ্বরেকর্ডে।

ইনিংসে লিটন ক্যাচ নিয়েছেন ৬টি, স্ট্যাম্পিং ২টি, মোট ৮টি ডিসমিসাল। ক্রিকেট ইতিহাসে অতীতে এক ইনিংসে আট ডিসমিসাল করতে পারেননি কোনো উইকেটরক্ষক। এতোদিন ৭টি করে ডিসমিসাল নিয়ে বিশ্বরেকর্ডটি ছিল পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডি সিলভার নামে।

রাবাদা ফেরার পর ডেন প্যাটারসনের স্ট্যাম্প ভেঙেছিলেন হাসান মাহমুদ। কিন্তু নো বল হওয়াতে উইকেট মিলেনি। দ্রুত রান তুলতে থাকা প্যাটারসনকে শেষ পর্যন্ত ফেরান ইবাদত হোসেন। ২৭ বলে ২৯ রান করে প্যাটারসনকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান ইবাদত। টেম্বা বাভুমা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬৮ রানে।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ ৪ উইকেট নিয়েছেন। তাসকিন আর মেহেদি হাসান মিরাজ নিয়েছেন ২টি করে উইকেট। ইবাদত আর মুুমিনুল হক সৌরভের ভাগে পরেছে ১টি করে উইকেট।

Scroll to Top