গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন বাংলাদেশের! – Sarabangla

গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে ভারত, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশন বাংলাদেশের! – Sarabangla

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। মালদ্বীপকে হারিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছেন ভারতীয়রা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শেষ চারে ভারতের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল। ফলে বাংলাদেশ যদি ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হতে না পারে, তাহলে সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হতে হবে।

বুধবার (১১ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে হার এড়াতে পারলেই ‘এ’ গ্রুপের সেরা হবে বাংলাদেশ। ফলে বাংলাদেশের গ্রুপসেরা হওয়ার ভালো সুযোগ রয়েছে।

বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ চার নিশ্চিত করেছে তারা। অন্যদিকে টানা দুই হারে কোনো পয়েন্ট ছাড়াই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মালদ্বীপ।

ভারতের জয়ের নায়ক সুহেল আহমেদ ভাট ম্যাচের ৩৯ মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। বক্সের মধ্যে আব্দুল রাবিহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার হুসেইন সিফাউ ইউসুফ। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে স্পটকিক থেকে লক্ষ্যভেদ করেন সুহেল।

বিরতির পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মালদ্বীপ। কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল তারা। তবে ভারতের গোলরক্ষক প্রিয়ানশ দুবের দৃঢ়তায় গোলের দেখা পায়নি দলটি।

সাফ চ্যাম্পিয়নশিপে এবার ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতি গ্রুপের তিনটি দল একে-অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। দুই গ্রুপের শীর্ষ দুই দল উঠেছে সেমিফাইনালে। আগামী ১৪ নভেম্বর দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ১৭ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

Scroll to Top