ঢাকা: বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতি ও পদক্ষেপে দেশব্যাপী তৃণমূল পর্যায়ে খেলাধুলার ব্যাপক প্রসার ঘটেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরই মধ্যে দেশের ৫০৩টি উপজেলা এবং পৌরসভায় ‘নতুনকুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের কার্যক্রম শুরু হয়েছে এবং অনলাইনে এর আবেদন ১৬ লাখ ছাড়িয়েছে বলেও জানান তিনি।
সোমবার ( ৯ নভেম্বর ) সংসদে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আলীর (মহিলা আসন-৫) এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য তুলে ধরেন।
প্রতিমন্ত্রী জানান, নতুনকুঁড়ি স্পোর্টসের প্রথম আসরে প্রায় ৫৩ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করলেও, বর্তমান দ্বিতীয় আসরে সারা দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন থেকে অনলাইনে ১৬ লাখ ৩০ হাজার কিশোর-কিশোরী নিবন্ধন করেছে। এর মধ্যে প্রায় ৭ লাখই নারী প্রতিযোগী (কিশোরী), যা তৃণমূল পর্যায়ে নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণ ও আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রমাণ দেয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে তাদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তুলতে সরকার বদ্ধপরিকর। বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য একটি ডেডিকেটেড ‘স্পোর্টস ভিলেজ’ (Para Sports Village) তৈরির জন্যও মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন এবং বিভাগীয় ও জেলা শহরগুলোতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।



