সিলেট টেস্টে বাংলাদেশের জন্য নতুন দুশ্চিন্তার নাম সাদমান ইসলাম। টেস্টের দ্বিতীয় দিনে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন এই ওপেনার। প্রথম ইনিংসে তাঁর ব্যাটিংয়ে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজীদুল ইসলাম জানিয়েছেন, স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পরই চোটের প্রকৃতি ও সেরে উঠতে কত দিন লাগতে পারে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ফিল্ডিং করতে গিয়ে চোট পান সাদমান। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলে আমির জাঙ্গু লেগ সাইডে ফ্লিক করলে বাউন্ডারির দিকে ছুটে যান তিনি। বল থামাতে নিচু হওয়ার সময় তাঁর বাঁ পায়ের গোড়ালি মাটিতে আটকে যায়। সঙ্গে সঙ্গেই তীব্র ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সাদমান।
মাঠে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি। পরে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাঁকে। ড্রেসিংরুমে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর উন্নত পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। গোড়ালিতে ব্যথা ও ফোলাভাবের কারণে স্বাভাবিকভাবে হাঁটতেও পারছিলেন না সাদমান।
এক বিজ্ঞপ্তিতে বিসিবির ফিজিও বায়েজীদুল ইসলাম জানান, ‘সাদমান আজ বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছেন। পরবর্তীতে আর ফিল্ডিং করতে পারেননি। আমরা ওকে পর্যবেক্ষণে রেখেছি। পাশাপাশি স্ক্যান করানো হয়েছে। মনে হয়েছে তার একটা ইনজুরি আছে। কাল স্ক্যানের রিপোর্ট পাব। তারপর বিস্তারিত জানা যাবে, কতদিন লাগতে পারে। এই মুহূর্তে তিনি প্রথম ইনিংসে ব্যাট করার মতো কন্ডিশনে নেই।’
সাদমানের অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসের শুরুতে ব্যাটিংয়ে নামানো হয়েছে স্পিনার নাঈম হাসানকে। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংস শুরু করেন তিনি। পরে আউট হয়েছেন ৭ বলে ৬ রান করে।
সামনেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তার আগে সাদমানের চোট বড় দুশ্চিন্তাই বটে।



