একাদশে ফিরেই তাসকিন ঝড়, ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নেই – Sarabangla

একাদশে ফিরেই তাসকিন ঝড়, ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট নেই – Sarabangla

দলে ফিরেই নিজের সামর্থ্যের জানান দিচ্ছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। সিলেট টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন বল হাতে শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশের এই তারকা পেসার। প্রথম পাঁচ ওভারের মধ্যেই তুলে নিয়েছেন ওপেনার ব্রেন্ডন কিংয়ের উইকেট। এরপর ফিরিয়েছেন জশুয়া দা সিলভাকেও। তাসকিনের দুই আঘাতের সঙ্গে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে ৯ ওভার শেষে ২৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিশ্রামের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে টেস্টের একাদশে ছিলেন না তাসকিন। সিলেট টেস্টে ফিরেই আগুন ঝড়াচ্ছেন বল হাতে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তাসকিনের প্রথম শিকার ব্রেন্ডন কিং। ইনিংসের পঞ্চম ওভারে ফুল লেংথের বলটি ভেতরের দিকে সুইং করান তিনি। মিডউইকেট দিয়ে ফ্লিক করতে গিয়ে বলের গতিপথ বুঝতে পারেননি কিং। তাঁর ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে স্টাম্পে। ৯ রানেই থামে ক্যারিবীয় ওপেনারের ইনিংস।

এরপর উইকেটের দেখা পান অপর পেসার হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে ব্যাক অব লেংথে করা তাঁর বলটি পিচে পড়ে দ্রুত ভেতরে ঢুকে যায়। কেভাম হজ বল ছেড়ে দিতে চেয়েছিলেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সরাসরি আঘাত হানে মিডল স্টাম্পে। ২১ রানে দ্বিতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

তাসকিনের দ্বিতীয় শিকার জশুয়া দা সিলভা। নিয়ন্ত্রিত লাইন-লেংথে ধারাবাহিক চাপ তৈরি করে শেষ পর্যন্ত তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের এই পেসার। ১২ রান করে ফিরেছেন দা সিলভা। ২৮ রানে তৃতীয় উইকেট হারায় সফরকারীরা।

অবশ্য শুরুতেই উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন হাসান। টেস্টে নিজের প্রথম ওভারেই জশুয়া দা সিলভার ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ যায়। কিন্তু সাদমান ইসলাম সেটি তালুবন্দী করতে পারেননি।

উল্লেখ্য, মিরপুর টেস্টে ৮ উইকেটে জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। সমতা ফিরতে হলে তাই সিলেটে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া দা সিলভা, ব্র্যান্ডন কিং, কেভিন উইকহ্যাম, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ (অধিনায়ক), জাস্টিন গ্রেইভস, জশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন ও জেডন সিলস।

Scroll to Top