৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট বাংলাদেশ – Sarabangla

৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট বাংলাদেশ – Sarabangla

৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে অলআউট বাংলাদেশ – Sarabangla

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের শুরুটা ভালো না হলেও কাল শক্ত অবস্থানে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের শুরুতে আবারও নড়বড়ে স্বাগতিকরা। মাত্র ৫৯ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ।

৩ উইকেটে ২১৩ রানে কাল প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। সাদমান ইসলাম অনিক অপরাজিত ছিলেন ৯৯ রানে। অনিক সেঞ্চুরি পূর্ণ করার পরপরই ফিরলেন যখন তখন বাংলাদেশের রান ২২১। সেখান থেকে বাংলাদেশ গুটিয়ে গেল কিনা ২৭২ রানেই!

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ওভারেই ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। ৩২ টেস্টের ক্যারিয়ারে সাদমানের এটা তৃতীয় সেঞ্চুরি। এ নিয়ে ১৭ ইনিংস পর সেঞ্চুরি পেলেন বাংলাদেশি ওপেনার। সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন ২০২৫ সালের এপ্রিলে, জিম্বাবুয়ের বিপক্ষে।

তবে সেঞ্চুরির পর ইনিংস লম্বা করতে পারেননি। অভিষিক্ত জশুয়া বিশপের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ব্যক্তিগত ১০৫ রানে। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদমান। তার ১০৫ রানের ইনিংসটি ২৩৪ বলে ১১টি চারের সাহায্যে সাজানো।

গতকাল ক্রাম্পের শিকার হয়ে ৪২ রানে মাঠ ছাড়া তাওহিদ হৃদয় সাদমান ফেরার পর ক্রিজে আসেন। তবে সেই বিশপের বলেই সরাসরি বোল্ড হয়েছেন কোনো রান না যোগ করেই। দলীয় ২২১ রানের মাথায় দুই উইকেট হারায় বাংলাদেশ।

তারপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় বাংলাদেশ। লিটন কুমার দাস একপ্রান্ত আগলে রেখেছিলেন, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউই দাঁড়াতে পারেননি। সাতে নেমে মেহেদি হাসান মিরাজ করেছেন ১৫ রান। তার নিচের কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা পেরুতে পারেননি।

আজ দিনের শুরুতে ১০ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। বাংলাদেশের ইনিংস শেষে লিটন অপরাজিত ৩৪ রানে।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনার জোমেল ওয়ারিক্যান ৫৩ রান দিয়ে একাই নিয়েছেন ৫ উইকেট। শামার জোসেফ ও জশুয়া বিশপ নিয়েছেন দুটি করে উইকেট।

Scroll to Top