ফাইনালে উঠতে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি রান রেটের পরীক্ষায় বাংলাদেশ – Sarabangla

ফাইনালে উঠতে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি রান রেটের পরীক্ষায় বাংলাদেশ – Sarabangla

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বেশ বিপদেই পরেছে বাংলাদেশ। সিরিজের ফাইনাল খেলতে হলে এখন নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে শুধু হারালেই চলবে না, রানরেটের হিসেবও মিলাতে হবে তাওহিদ হৃদয়ের দলকে। আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে তবেই ফাইনালে খেলতে পারবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অবশ্য অপর ম্যাচে জিম্বাবুয়ে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বাংলাদেশের ফাইনালের সমীকরণটা নাগালের মধ্যেই রেখেছে। গতকাল জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারায় আফগানিস্তান। এতে জিম্বাবুয়েও রানরেটে পিছিয়ে পরেছে। তবু ফাইনাল খেলতে হলে আফগানদের বড় ব্যবধানেই হারাতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ আগে ব্যাট করলে সমীকরণ তুলনামূলক সরল। আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে পারলেই ফাইনালে উঠে যাবে বাংলাদেশ। কিন্তু পরে ব্যাট করলে বদলে যাবে হিসাব।

যেমন আফগানিস্তান ৩০১ রানের লক্ষ্য দিলে বাংলাদেশকে ৪২.২ ওভারের মধ্যে জিততে হবে। ২৫১ রানের লক্ষ্য পেলে ৪১.৩ ওভারের মধ্যে, আর ১০১ রানের লক্ষ্য পেলে ৩৭.২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করতে হবে। তবেই রান রেটের হিসেবে জিম্বাবুয়েকে পেছনে ফেলা সম্ভব হবে।

এই মুহূর্তে রানরেটের হিসেবে সবচেয়ে এগিয়ে আফগানিস্তান। এক ম্যাচ খেলে একটিতেই জেতা আফগানদের রান রেট +৩.১৬০। ২ ম্যাচে ১ হার ও ১ জয়ে দ্বিতীয় জিম্বাবুয়ের রান রেট –০.৫৯০। একটি ম্যাচ খেলে হেরে যাওয়া বাংলাদেশের রান রেট –১.৯৮০।

ফাইনালে উঠার দৌড়ে আফগানিস্তান সবচেয়ে ভালো অবস্থানে। বাংলাদেশের বিপক্ষে হারলেও রান রেটে এগিয়ে থাকার কারণে ফাইনালে চলে যেতে পারবেন আফগানরা। তবে খুব বড় ব্যবধানে হারলে বাংলাদেশের সঙ্গে ফাইনাল খেলবে জিম্বাবুয়ে।

তবে বাংলাদেশ যদি আফগানদের বিপক্ষে হেরে যায় তাহলে সহজ হিসাব- বাংলাদেশ বিদায়, ফাইনাল খেলবে আফগানিস্তান-জিম্বাবুয়ে। বৃষ্টি বা অন্য কারণে ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশকে বাদ দিয়ে ফাইনাল খেলবে আফগানিস্তান, জিম্বাবুয়ে।

Scroll to Top