
ছবি: সংগৃহীত
জার্মানির কলোন শহরে এক ১৬ বছর বয়সী কিশোরীকে রোবট ব্যবহার করে যৌন হয়রানির অভিযোগ উঠেছে দুই তরুণের বিরুদ্ধে। প্রযুক্তির এমন অপব্যবহার এবং সংবেদনশীল ঘটনার অভিযোগে অভিযুক্ত ১৬ ও ১৯ বছর বয়সী দুই কিশোরের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় গভীর রাতে কলোন শহরের কেন্দ্রস্থলের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিল ওই তরুণী। হঠাৎ পিছন থেকে প্রায় ১২০ সেন্টিমিটার (৩.৯ ফুট) উচ্চতার লাল ও সোনালি রঙের একটি রোবট তার দিকে এগিয়ে আসে। এরপর রোবটটি তরুণীর নিতম্ব স্পর্শ করে এবং আপত্তিকর অঙ্গভঙ্গি করতে থাকে। তরুণীটি চিৎকার করে সেখান থেকে সরে গেলে বিষয়টি ছড়িয়ে পড়ে।
উত্তর রাইন ভেস্টফালিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, রোবটটির ১৬ বছর বয়সী মালিক এবং তার ১৯ বছর বয়সী এক সঙ্গী পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করছিল এবং মন্তব্য করে আনন্দ পাচ্ছিল।
জরুরি সেবা বিভাগকে বিষয়টি জানানো হলে, কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে অভিযুক্ত দুইজনকে পাওয়া যায়। ছেলেটি যে গাড়িটির পেছনে রোবটটি লুকিয়ে রেখেছিল, সেখান থেকেই এটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রকাশ করা ছবিতে দেখা যায়, রোবটটির মুখে একটি কালো গোঁফ আঁকা ছিল এবং গায়ে একটি সোনালী চেইন ও সাদা গেঞ্জি পরা ছিল।
তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং রোবটটি বাজেয়াপ্ত করেছে। ঘটনার সময় রোবটটির চালিকাশক্তি ও নড়াচড়া কেউ দূর থেকে ইচ্ছা করেই নিয়ন্ত্রণ করছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা প্রতিক্রিয়া নিয়েও সতর্কবার্তা জারি করেছে কলোন পুলিশ। ফেসবুক বার্তায় তারা স্পষ্ট জানিয়েছে, ইন্টারনেটে এই ঘটনা নিয়ে করা কিছু আপত্তিকর বা অসংবেদনশীল মন্তব্য দেশের আইন অনুযায়ী সীমালঙ্ঘন ও ফৌজদারি অপরাধের আওতায় পড়তে পারে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




