জয়ের পর সৌদি পতাকার স্কার্ফ গায়ে জড়িয়ে সমর্থন জানালেন রোনালদো – DesheBideshe

জয়ের পর সৌদি পতাকার স্কার্ফ গায়ে জড়িয়ে সমর্থন জানালেন রোনালদো – DesheBideshe
রোনালদো

লিসবন,১৩ অক্টোবর- নেফতচির বিপক্ষে জয়ের পর আল নাসরের সমর্থকদের চমকে দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার একটি বিশেষ পদক্ষেপ সবার নজর কেড়েছে। হুথিদের হামলায় সৌদি আরব যখন নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে, তখন দেশটির প্রতি নিজের ভালোবাসা ও সমর্থনের বার্তা দিয়েছেন রোনালদো।

সোমবার সন্ধ্যায় এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আল নাসর ৩-১ গোলে জয় পেয়েছে। ম্যাচের ৪২ মিনিটে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে অ্যাঞ্জেলো গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে নেফতচির ডিফেন্ডার বুয়ান সিগের আত্মঘাতী গোলে আল নাসরের ব্যবধান আরও বাড়ে।

ম্যাচ শুরুর আগেই এই লড়াই নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছিল। রিয়াদে খেলা শুরুর ১৫ মিনিট আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স নিরাপত্তা সতর্কতা জারি করে। এ কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। সম্প্রতি রিয়াদের একাধিক জায়গা ইয়েমেনভিত্তিক হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

খেলা বন্ধ থাকার সময় ক্যামেরায় রোনালদোকে দেখা যায়। আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খাচ্ছিলেন তিনি। সৌদি আরবে খেলতে আসার পর থেকে দেশটির প্রতি তার যে কৃতজ্ঞতা, এই দৃশ্যের মাধ্যমে সেটিই প্রকাশ পেয়েছে। ম্যাচ শেষেও আরেকভাবে নিজের অবস্থান তুলে ধরেন তিনি।

উদযাপনের একপর্যায়ে রোনালদো সমর্থকদের কাছে একটি স্কার্ফ চান। স্কার্ফটিতে সৌদি পতাকা ছিল। সেটি তিনি নিজের কাঁধে জড়িয়ে নেন। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির মধ্যে তার এই পদক্ষেপ উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছে।

আল নাসরের পরবর্তী ম্যাচ আগামী ১৬ অক্টোবর। সৌদি প্রো লিগের ওই ম্যাচে তারা আল আহলির মুখোমুখি হবে।

এস এম/ ১৩ অক্টোবর ২০২৬

Scroll to Top