এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি – Sarabangla

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি – Sarabangla

এবারের এশিয়ান গেমস নিয়ে বড় আশা ছিল বাংলাদেশের। পদক জিততে ছেলে ও মেয়েদের ক্রিকেটে পূর্ণশক্তির দল পাঠিয়েছে বাংলাদেশ। কিন্তু বড় কিছু তো দূরের কথা, কোনো পদকই আসেনি ক্রিকেট থেকে। অন্যান্য ইভেন্টগুলো থেকেও এসেছে একের পর এক হতাশা। এশিয়ান গেমসে এমন ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) সাংবাদিকদের এমন কথাই জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিুনল হক। এশিয়ান গেমসে হতাশজনক পারফরম্যান্সের প্রসঙ্গ উঠলে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এশিয়ান গেমসে এবারের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক ছিল। ব্যর্থতার প্রকৃত কারণ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের জন্য ইতোমধ্যে একটি বিশেষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। সরকারের বর্তমান লক্ষ্য কেবল কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা নয়, বরং সরাসরি পদকের জন্য লড়াই করা।’

শুধু ক্রিকেট নয় অন্যান্য খেলাগুলোকেও বাড়তি গুরুত্ব দিয়ে আগানোর কথা বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। যেসব ইভেন্টে পদক জয়ের সম্ভবনা আছে সেসব ইভেন্টকে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি।

আমিনুল হক বলেন, ‘যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি, সেগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে যথাযথ গুরুত্ব দিয়ে কাজ করা হবে।’

এশিয়ান গেমসে ক্রিকেটে এর আগে প্রতিবারই পদক জিতেছে বাংলাদেশ। ২০১০ সালে প্রথমবার অংশগ্রহণে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। পরের দুই আসরেও পদক নিয়ে দেশে ফিরেছিলেন ক্রিকেটাররা। কিন্তু এবার ফিরতে হয়েছে খালি হাতেই।

Scroll to Top