সাবালেঙ্কাকে হারিয়ে প্রথমবার ইউএস ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা – Sarabangla

আরিনা সাবালেঙ্কার আধিপত্যে ছেদ টেনে প্রথমবারের মতো ইউএস ওপেনের নারী এককের শিরোপা জিতেছেন এলেনা রিবাকিনা। দুইবারের চ্যাম্পিয়নকে ৬-৪, ৫-৭, ৬-২ গেমে হারিয়ে ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি নিজের করে নিয়েছেন কাজাখস্তানের রিবাকিনা।

ফাইনালের আগেই রিবাকিনার বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা নিশ্চিত হয়ে গিয়েছিল। তাই শিরোপা জয়ের সঙ্গে সঙ্গে ক্যারিয়ারে নতুন মাইলফলকও স্পর্শ করলেন তিনি।

ফ্লাশিং মিডোজের ফাইনালে শুরু থেকেই রিবাকিনার শান্ত ও নিয়ন্ত্রিত টেনিসের বিপরীতে সাবালেঙ্কার আবেগপ্রবণতা ছিল চোখে পড়ার মতো। প্রথম সেটে প্রথম সার্ভ প্রত্যাশামতো কার্যকর না হলেও বিচলিত হননি রিবাকিনা। বরং রিটার্নে ধার বাড়িয়ে সাবালেঙ্কাকে চাপে রাখেন এবং ৬-৪ গেমে সেট জিতে নেন।

দ্বিতীয় সেটে ম্যাচে ফিরে আসেন সাবালেঙ্কা। রিবাকিনার ছন্দে কিছুটা ব্যাঘাত ঘটিয়ে বেলারুশের তারকা ম্যাচকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলেন। শেষ পর্যন্ত ১২তম গেমে রিবাকিনার দ্বিতীয় সার্ভে চাপ সৃষ্টি করে ৭-৫ গেমে সেটটি জিতে নেন তিনি।

তবে নির্ধারক সেটে আর সুযোগ দেননি রিবাকিনা। সাবালেঙ্কার অনিয়ন্ত্রিত শট ও বাজে টেনিসের সুযোগ কাজে লাগিয়ে শুরু থেকেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। রিটার্নে প্রতিপক্ষকে বেসলাইনে আটকে রেখে দ্রুত এগিয়ে যান তিনি।

তৃতীয় সেটে ২-১ গেমে এগিয়ে যাওয়ার পর রিবাকিনা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নিয়ে নেন। শেষ পর্যন্ত ৬-২ গেমে সেট জিতে নিশ্চিত করেন ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য।

চ্যাম্পিয়নশিপ পয়েন্টে অবশ্য সামান্য স্নায়ুচাপ দেখা যায় রিবাকিনার মধ্যে। প্রথম ম্যাচ পয়েন্টে ডাবল ফল্ট করলেও পরের সুযোগে নিজেকে সামলে নেন তিনি। এরপর দুর্দান্ত এক এস মেরে ম্যাচের ইতি টানেন।

২০২২ সালে উইম্বলডন এবং চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার ইউএস ওপেনও জিতে নিলেন রিবাকিনা। তিনটি ভিন্ন গ্র্যান্ড স্লামে শিরোপা জয়ের কীর্তির পাশাপাশি বিশ্ব টেনিসের এক নম্বর সিংহাসনেও এখন তার দখলে।

Scroll to Top